শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে পরকীয়ার অভিযোগে ইউপি সদস্য কর্তৃক প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল, অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম
চৌদ্দগ্রামে পরকীয়ার অভিযোগে ইউপি সদস্য কর্তৃক প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল, অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের (পরকীয়া) অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমিক সহ আটকের পর হাত-পা বেঁধে বজলুর রহমান নামের স্থানীয় এক ইউপি সদস্য কর্তৃক ব্যাপক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। মারধরের শিকার হওয়া গৃহবধূ ওই গ্রামের কুয়েত প্রবাসী রতন মিয়ার স্ত্রী। আটককৃত পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পার্শ্ববর্তী তারাপুষ্কুরণী গ্রামের বাসিন্দা। সামাজিক শালিসের পরে তাদেরকে বিয়ে পরিয়ে দেওয়া হয়। আটককৃত বিল্লাল চার কন্যা সন্তানের জনক। ইতিমধ্যে তার দুটি মেয়েকে বিয়েও দিয়েছে সে। পেশায় সে এলাকার ডিস ব্যবসায়ী ও চা দোকানদার। ডিস লাইনের কার্যক্রমের সুবাধেই ওই নারীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অপরদিকে আটক নারীও দুই পুত্র সন্তানের জননী।

স্থানীয় সূত্র এবং ভাইরাল ভিডিও থেকে জানা গেছে, প্রবাসী রতনের স্ত্রীর সাথে বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে তাদেরকে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে আটক করে স্থানীয়রা। বিষয়টি নিয়ে গোপালনগর গ্রামের বজলু মেম্বারের নেতৃত্বে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাদেরকে আটকের পর হাত-পা বাঁধা অবস্থায় বজলু মেম্বার ওই প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার আকুতি জানিয়ে বিলাপ করছিলো। তার পাশেই বসে ছিলো পরকীয়া করতে এসে আটক হওয়া স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেন। ইউপি সদস্য কর্তৃক আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দু’টি সংসার তছনছ হওয়ার নেপথ্যের কারিগর বজলু মেম্বারের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২২ অক্টোবর) বিকালে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অভিযুক্ত মেম্বার পলাতক রয়েছে। সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের বিষয়ে এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রবাসীর স্ত্রীকে বেঁধে মারধরকারী অভিযুক্ত ৪নং শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের মামা সে। মামা-ভাগিনা মিলে তখন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে এই বজলু মেম্বারের দাপটে কেউই এলাকায় শান্তিতে ছিলনা। এলাকার সকল মারামারি-হানাহানির মূলহোতা এ মেম্বারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী থেকে শুরু করে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মে মাসে এক নারী সহ অপ্রীতিকর অবস্থায় চৌদ্দগ্রাম বাজারস্থ আছুশাহ্ ফকির রোডের ‘বেতিয়ারা হাউজ’ নামক বাড়ি থেকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসলে কৌশলে ওই নারীকে চৌদ্দগ্রাম বাজারে এনে ওই বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বজলু মেম্বার। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আওয়ামী লীগ দলীয় প্রথম সারির কয়েকজন নেতার বিশেষ সুপারিশে নামমাত্র একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। অল্প কিছুদিন পর জামিন পেয়েও যায় সে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত বৃহস্পতিবার মারধরের শিকার হওয়া ওই নারী বজলু মেম্বারে ভাতিজার স্ত্রী। ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন যাবৎ তাকে ভোগ করার পায়তারা করে আসছে এই বজলু মেম্বার। ভাগে আনতে না পারার বেদনা থেকে বজলু মেম্বারের নেতৃত্বে স্থানীয়রা যুবদল নেতা বিল্লাল হোসেনের সাথে অপ্রীতিকর অবস্থায় আটক করে তাকে। পরদিন তার নেতৃত্বেই একটি শালিস বিচার হয়। বিচারে অভিযুক্ত নারীকে বেঁধে বেধড়ক মারধর করে বজলু মেম্বার। পরে উভয়কে বিবাহ পরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ দলীয় সরকার পালিয়ে যাওয়ার পরও বজলু মেম্বারের খুঁটির জোর কোথায়? বিষয়টি নিয়ে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। মারধরের এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্য বজলুর রহমান পলাতক রয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি কলটি না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি গত বৃহস্পতিবারের। তবে মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ঘটনা জানতে পেরেছি। এঘটনায় কেউ অভিযোগ না দিলেও অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

লাকসামে পোলট্রি ফার্মে অভিযান, ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম
লাকসামে পোলট্রি ফার্মে অভিযান, ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Oplus_131072

কুমিল্লার লাকসামে পোলট্রি ফার্মের জেনারেটর রুমে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ মো. নজরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ জাফর ওরফে জনি (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর বাকই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৈত্রা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার একটি দল কৈত্রা এলাকায় নজরুল ইসলামের পোলট্রি ফার্মের জেনারেটর রুমে অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদ জাফর ওরফে জনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশের দাবি, গ্রেফতার নজরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ও পলাতক জনি ওই স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

গ্রেফতার নজরুল ইসলাম কৈত্রা মুন্সিবাড়ির মৃত আবদুল মতিন ও মৃত রহিমা বেগমের ছেলে। পলাতক সাইদ জাফর ওরফে জনিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

কুমিল্লার মনোহরগঞ্জে উদ্বোধন করা হয়েছে যামানা টিভি (আইপি টিভি) ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার আঞ্চলিক অফিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা আবদুল হাই, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রামে কালিকাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের পক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম
চৌদ্দগ্রামে কালিকাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের পক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মানবিক প্রবাসী খ্যাত সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃতিসন্তান, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী মো. জসিম উদ্দিন এর পক্ষে ইউনিয়নবাসীর সাথে বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ‘হোটেল খাদিজা ইন’ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো. জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল মিয়া, মো. নাছির আহমেদ, ইকবাল হোসেন হাজারী, মো. মোস্তফা, মো. জাকির হোসেন।

বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলাম, মো. শামসুল হক, মোসলেম মিয়া, মো. সালাহ উদ্দিন, এছাক মিয়াম আব্দুল বারী, মো. জুয়েল, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. হৃদয় হাজারী, মো. সোহরাব হোসেন স্বচ্ছ, সফিউল রানা, মো. সবুজ, ইয়াছিন সবুজ, আরমান হোসেন, মো. বেলাল হোসেন, শরীফ উদ্দিন, মো. রায়হান, মো. শামীম সহ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন দুবাই এর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মানবতার ফেরিওয়ালা খ্যাত প্রবাসী জসিম উদ্দিন ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষদের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছেন। তার প্রতিটি কার্যক্রমই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের রাস্তাগুলোতে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করেছেন। এছাড়াও তিনি সবসময় অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করা, মাহে রমজান, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে অসহায়দেরদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-শিক্ষা সংক্রান্ত খরচাধি প্রদান, কন্যা দায়গ্রস্ত পিতাকে কন্যা পাত্রস্থ করতে সাহায্য সহযোগিতা করা, গরীব ও অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তা প্রদান করা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন শুনে ইউনিয়নের প্রতিটি গ্রামেই আনন্দের জোয়ার বইছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন বলেই সকলে মনেপ্রাণে বিশ্বাস করেন। এ সময় তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনের সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার জন্য ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

×