চান্দিনায় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার: কারাদণ্ড ও জরিমানা

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৮ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
থানা পুলিশ জানায়, চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন। পরে আদালত তাৎক্ষণিকভাবে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে মহারং এলাকার মো. সাজ্জাদ হোসেন (৩২) ও মো. শরিফুল ইসলাম (৩০) ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১ দিনের কারাদণ্ডে দণ্ডিত হন।
হারং এলাকার মো. দিহান (১৮) ইয়াবা সেবনের দায়ে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড এবং একই এলাকার লিটন (৩৫) ১০০ টাকা অর্থদণ্ডসহ ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।
বেলাশ্বর এলাকার মো. মানিক ভান্ডারী (৩৩) গাঁজা সেবনের অপরাধে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ১ মাস এবং কেগলা এলাকার মো. সাকিল (৩৮) ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের কারাদণ্ড পান।
এছাড়া পূর্ব অম্বরপুর এলাকার মো. সোহেল (৩৮) ও মো. রাছেল (৩২) ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে প্রত্যেকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত হন।
অপরদিকে, নোয়াপাড়া এলাকার মো. আরিফ হোসেন (২৬)-কে পৌর এলাকায় জনবিরক্তির সৃষ্টি করায় পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।























