কুমিল্লা নগরীতে বেশিরভাগ ল্যাম্পপোস্ট অচল, রাতের অন্ধকারে ঝুঁকিতে জনসাধারণ

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকার সড়কে স্থাপন করা ল্যাম্পপোস্টগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে নগরীর ইপিজেড 2নং গেইট, ইয়াছিন মার্কেট, উনাইসার, নোয়াগাঁও, কাজিপাড়া ও দিশাবন্দসহ গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক ল্যাম্পপোস্ট থাকলেও, সেগুলোর বেশিরভাগই এখন আর জ্বলছে না। এতে রাতের আঁধারে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্ধকার রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। তদুপরি, রাস্তাঘাট অন্ধকার থাকায় চুরি, ছিনতাই, এমনকি ডাকাতির মতো ঘটনাও ঘটছে। রাতের বেলায় কেউ অসুস্থ হলে নিরাপদে হাসপাতালে নেওয়া কিংবা নারীদের চলাচলেও দেখা দিচ্ছে নানা ঝুঁকি।
অনেকেই জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) কর্মীদের একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দিনের পর দিন ল্যাম্প লাইটগুলো অচল অবস্থায় পড়ে থাকলেও সেগুলোর সংস্কার বা পরিবর্তনের কোনো দৃশ্যমান চেষ্টাই চোখে পড়ছে না।
নগরীর উনাইসার এলাকার এক বাসিন্দা বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাস্তায় অন্ধকার নেমে আসে। বিশেষ করে মহিলা ও ইপিজেডে চাকরিজীবী মানুষজন চলাচলে আতঙ্কে থাকে। এত লাইট লাগানো হয়েছে, অথচ একটাও জ্বলে না এটা অত্যন্ত দুঃখজনক।
নগরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব ল্যাম্প লাইট মেরামত করে পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। পাশাপাশি, সিটি কর্পোরেশনকে তদারকি বাড়াতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর না ঘটে।
অবিলম্বে প্রয়োজন কার্যকর উদ্যোগ দাবি সচেতন মহলের
এবিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন কে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।


















