চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর বাড়িঘর ভাং/চুর, লুট/তরাজ ও দখলের চেষ্টা, থানায় অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল গ্রামে এক সাবেক প্রবাসীর বসতবাড়ি দখল, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সালাউদ্দিন (৩৭) শনিবার (১৫ নভেম্বর) বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগীর পরিচিত হলেও দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত বসতজমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ১৪ নভেম্বর রাত ৯টার দিকে ১ ও ২ নম্বর অভিযুক্ত সালাউদ্দিনের কাছে ওই জমির বিনিময়ে চার লাখ টাকা দাবি করে। তিনি টাকা না দিলে তারা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি শুরু করে।
একপর্যায়ে সালাউদ্দিন প্রতিবাদ করলে অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তার হাত–পা বেঁধে সঙ্গে থাকা মোটরসাইকেল, নগদ এক লাখ ৭৭ হাজার টাকা ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা তার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে এবং বসতবাড়ি থেকে জোর করে উচ্ছেদেরও হুমকি দিচ্ছে। এমনকি মামলা করলে বা দাবি করা চার লাখ টাকা না দিলে তাকে খুন করে লাশ গুম করার ভয় দেখানো হয়।
ঘটনার পর সালাউদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়ে মোহাম্মদ আলী (৩৮), সুজন (৩০), ফরিদ মিয়া (৩৮) এবং সাইম (২৮) এ চার জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















