চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার তিন

কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযানে পুরাতন মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপর দুই ব্যক্তি মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোতালেব (৪৫) চান্দিনা উপজেলার টামটা গ্রামের মৃত মুন্নাফ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থাকা পুরাতন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, মাদক সেবনের অপরাধে চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের আবদুল মালেকের ছেলে হাসান মাহমুদ (৩০) এবং করতলা গ্রামের মহিবুল্লাহর ছেলে মো. সুমনকে (২১) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর হাসান মাহমুদ ও মো. সুমনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডাদেশ কার্যকর করতে পরে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















