চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা: সাবেক কাউন্সিলর গ্রেফতার
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চলতি বাসে পেট্রোল বোমা মেরে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: আবদুল হালিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা মুন্সি বাড়ির আবুল কাশেমের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (০৭ ফেব্রæয়ারী) দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ জগমোহনপুর এলাকায় যাত্রীবাহি একটি নৈশকোর্সে পেট্রোল বোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মোট ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১১৬ নম্বর আসামী করা হয় আবদুল হালিমকে। বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।












