চৌদ্দগ্রামে বিশিষ্ট আলেমেদ্বীন মৌলভী ডা. কলিম উল্লার ইন্তেকাল
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্ট আলেমেদ্বীন, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মৌলভী ডা. কলিম উল্লাহ (৮৬) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাত সাড়ে পাঁচটায় কুমিল্লাটাওয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর মধ্যমপাড়া ডাক্তার বাড়ীর মরহুম রাব্বান আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও পাঁচ কন্যা সন্তান, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বৈলপুর ইত্তেহাদুল উম্মাহ মাদরাসাটি প্রতিষ্ঠার পাশাপাশি আমৃত্যু সে প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন। এছাড়াও তিনি খিরনশাল ইসলামিয়া ফাযিল মাদরাসা, মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে জড়িত থেকে খেদমত করে গেছেন। পেশাগত জীবনে তিনি চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের খেদমত করে গেছেন দীর্ঘ ৬০ বছর। তাঁর মৃত্যুকে একজন গুণী মানুষকে হারালো চৌদ্দগ্রামবাসী।
শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ী সংলগ্ন বৈলপুর ইত্তেহাদুল উম্মাহ মাদরাসা মাঠে জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা পূর্বমুহুর্তে বিশিষ্ট রাজনীতিবিদ সাহাব উদ্দিন, মু. বেলাল হোসাইন, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের মোল্লা, মাওলানা আব্দুল লতিফ, কাছারীপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম মজুমদার, খিরনশাল ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, আলেমেদ্বীন মাওলানা আলী আহমদ, মাওলানা ছফি উল্লাহ্ পাটোয়ারী ও মরহুমের বড় ছেলে মো: ওয়ালী উল্লাহ স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় মরহুমের প্রতিবেশী, আত্মীয়-স্বজন, এলাকার আলেম-ওলামা সহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক মৌলভী ডা. কলিম উল্লাহ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
















