শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত উদ্যোক্তা সোহেল রানার নেদারল্যান্ডে যাওয়া হলোনা

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১০:৩৬ এএম
জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত উদ্যোক্তা সোহেল রানার নেদারল্যান্ডে যাওয়া হলোনা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সাপাহার উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা। ২০২১ সালে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় যুব পুরষ্কার লাভ করেন তিনি। ইউরোপের নেদারল্যান্ডে আম মেলায় যাওয়ার কথা ছিল সোহেলের। কিন্তু বৃহস্পতিবার (৫ আগষ্ট) কাতার এয়ারের কর্মকর্তরা আপত্তিকর ও অন্যায় অভিযোগের কারণে নেদারল্যান্ডে যাওয়া হলো না সোহেলের।
সোহেল রানা নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা। তার ১০৫ বিঘা বাগানে রয়েছে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির আম। এছাড়াও পত্নীতলা উপজেলার রূপগ্রাম এলাকায় সোহেল রানার ৪০ বিঘা জমির আরেকটি আমবাগান রয়েছে বলে জানা গেছে।
সোহেল রানা জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। চাকুরীও করেন বেশ কিছুদিন। পরে চাকরি ছেড়ে ২০১৫ সালে শুরু করেন “বরেন্দ্র এগ্রোপার্ক” নামে কৃষি খামার। সেখানে বিভিন্ন জাতের দেশী-বিদেশী কৃষিজ পণ্য উৎপাদন শুরু করেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো আম চাষ। ২০২১ সালে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় যুব পুরষ্কার লাভ করেন। গত ২ বছর থেকে থেকে গ্লোবাল জিপিএ মেনে আম উৎপাদন করেন। আর সেই আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন।’
নেদারল্যান্ড মেলায় যাওয়া নিয়ে কি ঘটেছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“ভিসা ও কৃষি মন্ত্রণালয়ের জিআরসহ প্রয়োজনীয় সব কাগজ যাছাই-বাছাই করে ভ্রমণের অনুমতি দিয়েছিল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। বিমানে ওঠার আগে কাতার এয়ারওয়েজের লোকজন অভিযোগ করেন যে, আমার ভিসা জাল। ভিসা জালের কথা শুনে আমি ইমিগ্রেশন পুলিশের কাছে ছুটে আসি। তারা পুনরায় যাছাই-বাছাই করেন। পরে ভিসা ঠিক থাকায় আমাকে ভ্রমণের অনুমতি দিতে কাতার এয়ারওয়েজকে অনুরোধ করে। কিন্তু তারা না শুনে আমাকে ফেরত পাঠায়।”
ঘটনার বর্ননা দিতে গিয়ে কান্না জড়িত কন্ঠে সম্ভাবনাময় তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা আরো বলেন,“ আমি কাতার এয়ার ওয়েজে ৫ আগষ্ট ঢাকা-আমস্টারডাম টিকেট করি। ফ্লাইট ছিল ভোর সাড়ে ৪ টায়। ৪ আগষ্ট রাত পৌনে ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নং টার্মিনাল দিয়ে প্রবেশ করি। এরপর বোর্ডিং পাস দেয়া শুরু হলে পাসপোর্ট, টিকেট, ভ্যাকসিন কার্ডসহ প্রয়োজনীয় কাগজ দেখিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করি এবং লাগেজ জমা দিয়ে ইমিগ্রেশনে যাই। ইমিগ্রশেনে পাসপোর্ট, বোর্ডিং পাস, জিও কপিসহ সব ডকুমেন্ট জমা দিয়ে ইমিগ্রেশন সম্পূর্ণ করি। এরপর বিমানে উঠবার জন্য ৫ নং গেটে অপেক্ষা করতে থাকি। নির্দিষ্ট সময়ে লাইনে দাঁড়িয়ে গেট পার হবার সময় কাতার এয়ার ওয়েজের দায়িত্বরত স্টাফ আমার পাসপোর্ট দেখে ভিসা জালিয়াতির অভিযোগ করে। এসময় আমার পাসপোর্ট, বোর্ডিং পাস রেখে দিয়ে পাশে দাঁড়াতে বলেন। আমি তাকে জিও কপি, এলওআই, রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় পুরষ্কার প্রাপ্তির কথা বলি।এছাড়াও আরও বলি আমি নিজ হাতে ভিসা পাসপোর্ট সংগ্রহ করেছি।এখানে জালিয়াতির কোন সুযোগ নাই। এরপর ওই কর্মকর্তা শত শত যাত্রীর সামনে আমার সঙ্গে খারপ আচরণ করেন। আমি দ্রুত ইমিগ্রেশন পুলিশের কাছে গিয়ে ঘটনা বলি। আমার ইমিগ্রেশন করা কর্মকর্তা এসআই দেলোয়ার আমাকে নিয়ে কাতার এয়ারের কর্মকর্তার কাছে যান। পরে আমার পাসপোর্ট ও আমার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে বিমানবন্দরের ভিসা বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে ভিসা সঠিক বলে মত দেয়। এরপর বিমান ছাড়ার আগে এসআই আমাকে সঙ্গে নিয়ে ৫ নং গেটে কাতার এয়ারের স্টাফের কাছে ভিসা সঠিক বলে জানান এবং আমার বিমানে যাত্রার জন্য অনুরোধ করেন। কাতার এয়ারের কর্মকর্তাকে রাষ্ট্রীয় জিও, এলওআই, জাতীয় পুরষ্কার প্রাপ্তি, গণমাধ্যমে নানা প্রতিবেদনসব কিছু বলেন। এসব দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করে কাতার এয়ার বিমান যাত্রা নাকচ করে বিমানবন্দর ইমিগ্রেশন ইনচার্জ বরাবর প্যাসেঞ্জার অফলোডের জন্য আবেদন করেন। এরমধ্যে আমার ফ্লাইট ফ্লাই করে চলে যায়। ইমিগ্রেশন পুলিশ বহু চেষ্টা করে ব্যর্থ হবার পর কাতার এয়ারের আবেদনের প্রেক্ষিতে একটি জিডি করে আমার পাসপোর্টে ইমিগ্রেশন সিল বাতিল করেন। কাতার এয়ারের কর্মকর্তরা আপত্তিকর ও অন্যায় অভিযোগ তুলে আমাকে বিমানে উঠতে দেননি। কিন্তু বোর্ডিং কার্ড এবং ইমিগ্রেশন ছাড়পত্র শেষে একজন আন্তর্জাতিক যাত্রীর সাথে এ ধরনের ঘৃণ্য আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইমিগ্রেশন আইন, আমার রাষ্ট্রীয় পুরষ্কার, মন্ত্রণালয়ের জিও, এলওআই, গণমাধ্যমের নানা প্রতিবেদন সব কিছুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমার সঙ্গে কাতার এয়ার ওয়েজের এমন জঘন্য, নিন্দনীয় কাজের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। বিমানে উঠবার আগে যাত্রা বাতিল করে কাতার এয়ার ওয়েজ আমার মান সম্মান হানির পাশাপাশি বড় ধরণের আর্থিক ক্ষতি, ইউরোপের অনেক বায়ারদের সঙ্গে পূর্ব নির্ধারিত মিটিং বাতিল হয়েছে। যা আম রপ্তানিসম্পর্কিত ছিলো। ভিসা জালিয়াতির অভিযোগ করায় আমাদের রাষ্ট্রীয় সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি কাতার এয়ার ওয়েজের নিকট ক্ষতিপূরণ সহ এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার চাই। এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব।” পাশাপাশি এই বিষয়ে নেদারল্যান্ডস অ্যাম্বাসির কাছে অভিযোগ করব বলেও জানান তিনি।
কাতার এয়ার ওয়েজের এমন জঘন্য, নিন্দনীয় কাজে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। সেই সঙ্গে রাষ্ট্রপ্রধানের কাছে এহেন ন্যাক্কারজনক কাজের সুবিচার চেয়েছেন এলাকার অভিজ্ঞমহল।

থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাকির হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

 

অভিযোগে আব্দুল্লাহ, আজাদ, সোহাগ, লিটন, আব্দুল খালেক, আব্দুল কালাম, ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান বক্কিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কয়েকজনসহ আরও কয়েকজন জাকির হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

 

জাকির হোসেনের পরিবারের অভিযোগ, চাঁদা দাবি ও হামলার আশঙ্কার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে।

 

পরিবারটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জাকির হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা গগনার সময়ে ৪লক্ষ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবীদ্বার বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া।

গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:২৫ মিনিটের সময় দেবীদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় জাকির হোসেনের ডান পাশে বসা বিপ্লব পেছন থেকে তার ৪লক্ষ টাকা চুরি করে দ্রুত চলে যায়।

টাকা চুরির সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ছবি

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন একই দিন রাত ১০টার দিকে দেবীদ্বার থানায় মামলা করেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চাঁনমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। ব্যাংকের ভেতরের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরই পেক্ষিতে ঝিনাইদহে অভিযান চালিয়ে চোর বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন দেবীদ্বার থানা-পুলিশসহ গ্রেপ্তারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও উদ্ধার করে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে দেবীদ্বার থানায় নিয়ে আসা হবে।”

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা মনোহরগন্জ, প্রতিনিধি ইমরান প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে মনোহরগঞ্জে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সুনিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত ইউএনও রিফাত জাহানও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×