দাউদকান্দিতে দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
কুমিল্লার দাউদকান্দিতে বাগবিতণ্ডার জেরে ধরে পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের গুলিতে দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর সরকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ সরকার (২২) এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য তন্ময় সরকার (২০)।
শনিবার (৩০ জুলাই) বিকেলে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ এবং দাউদকান্দি পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয়ের বাগবিতণ্ডা হয়। এর জেরে পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় শুক্রবার সন্ধ্যায় দোনারচর সরকার বাড়ির সামনে তার অনুসারীদের নিয়ে হামলা চালায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এসময় হৃদয়ের গুলিতে জাহিদ এবং তন্ময় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি অ্যাপোলো হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও ওসি জানান।













