নবীনগরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে ভয়াবহ আগুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে বিএনপির স্থানীয় কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে এ অগ্নিকাণ্ডে কার্যালয়সহ চারটি দোকান পুড়ে যায়। এতে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তেই দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। কেউ কেউ দাবি করছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের অনুসারী নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করেন, সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলীর হুমকির পরই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সদস্য হজরত আলী বলেন, এসব দাবি মিথ্যা ও বানোয়াট। তিনি জানান, ইর্ষা থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাপসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোতে ব্যবসায়ীরা হতাশায় ভেঙে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, রাতারাতি তাদের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে।
সোমবার সকালে এডভোকেট আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।




















