সারের কৃত্রিম সংকট ঠেকাতে কৃষিমন্ত্রীর কঠোর বার্তা, মজুত ১৬ লাখ টন ছাড়াল
Oplus_131072
রবি মৌসুমে সারের ঘাটতি হবে না, দাবি কৃষি মন্ত্রণালয়ের
দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়েছে। বর্তমানে দেশে মোট ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন সার মজুত রয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে।
বর্তমানে দেশে ইউরিয়া সার ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন মজুত রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন।
এছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের সারের প্রকৃত চাহিদা নিরূপণ, বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করে আগাম সরবরাহ পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ডিলারদের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি এবং সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা রয়েছে।
প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে।
তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষক প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি চলছে।
মহাপরিচালক আরও জানান, সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি বজায় রাখছে।
তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কোনোভাবেই কৃষকদের হয়রানি করা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোর মনিটরিংয়ের কারণে এবার আমনের বাম্পার ফলন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি সচিব জানান, দেশের খাদ্যনিরাপত্তায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন ও সমন্বিত পদক্ষেপের ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো প্রয়োজনীয় সার পাবেন।
সূত্র : বাসস
















