বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসহ গ্রেপ্তারদের মোবাইল কোর্টে সাজা, ওসিকে আদালতে তলব

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম
মাদকসহ গ্রেপ্তারদের মোবাইল কোর্টে সাজা, ওসিকে আদালতে তলব
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুলিশ মাদকসহ গ্রেপ্তার করল। আদালতের জিআরওকে জানানো হলো, আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। কিন্তু আদালতের কর্মঘণ্টা শেষ হয়ে গেলেও তাদের আদালতে হাজির করা হলো না। পরে জানা গেল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নয়, গ্রেপ্তার করা আসামিদের মোবাইল কোর্টে হাজির করে সাজা দেওয়া হয়েছে। এমন ঘটনায় এবার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলামকে আদালতে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঘটনাটিকে প্রচলিত আইন ও আটক ব্যক্তিদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ করে ওসির কাছে লিখিত ব্যাখ্যাও চেয়েছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলার যাবতীয় নথি, অভিযানসংক্রান্ত জিডি, উদ্ধার করা আলামত, আসামিদের সোপর্দকরণ ও ফরওয়ার্ডিং স্মারকসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লার আমলী আদালত নং-০৬ (সদর দক্ষিণ)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক গত ১ অক্টোবর এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, ৮ অক্টোবর সকাল ১০টায় সদর দক্ষিণ মডেল থানার ওসিকে সংশ্লিষ্ট নথিপত্রসহ আদালতে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম আদালতের জিআরওর মাধ্যমে জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হচ্ছে। তবে আদালতের কর্মঘণ্টা শেষ হয়ে গেলেও আসামিদের আদালতে হাজির করা হয়নি।

পরে আদালতের জিআরওর মাধ্যমে থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি প্রশ্ন তুলে আদালত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬১ ও ১৬৭ ধারার বিধান উল্লেখ করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হলে এজাহারসহ তাকে নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করার বাধ্যবাধকতা রয়েছে। একই বিষয়ে পুলিশ রেগুলেশন বেঙ্গল, ১৯৪৩-এর প্রবিধান ৩২৪-এও সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদালতের ভাষ্য অনুযায়ী, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটক আসামিদের আইনানুগ এখতিয়ারসম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির না করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠিয়েছেন। আদালত এটিকে উল্লিখিত আইনি বিধানের লঙ্ঘন এবং আটক ব্যক্তিদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন।

মোবাইল কোর্টের এখতিয়ার নিয়েও আদেশে প্রশ্ন তোলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর ৬ ও ৭ ধারার বিধান উল্লেখ করে আদালত বলেন, তফসিলভুক্ত কোনো অপরাধ সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ সম্মুখে বা উপস্থিতিতে সংঘটিত কিংবা উদ্ঘাটিত হলেই কেবল তিনি ঘটনাস্থলে অপরাধ আমলে নিয়ে বিচার করতে পারেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা আসামিকে পরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে গিয়ে মোবাইল কোর্টে বিচার করা প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আদেশে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে পুলিশ কর্তৃক কোনো আসামিকে গ্রেপ্তারের পর তাকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সোপর্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করার কোনো আইনি সুযোগ নেই।

ঘটনার সার্বিক পর্যালোচনায় আদালত মনে করেছেন, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম সংশ্লিষ্ট আইনের বিধান প্রতিপালনে গাফিলতি করেছেন। আদালতের আদেশে বলা হয়েছে, এ ধরনের গাফিলতি শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

এ কারণে কেন আইন অমান্য করার জন্য ওসির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন আদালত। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব নথি আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “আমি একটি মিটিংয়ে রয়েছি, এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।”

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, “আদালতের আদেশনামাটি আমি পাইনি, তাই আদেশনামা না দেখে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারছি না। আমি খোঁজ নিয়ে দেখছি।

সাংবাদিকতার পরিচয়ে ভূমি অফিসে দাপট! মুরাদনগরের দারোরায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ এএম
সাংবাদিকতার পরিচয়ে ভূমি অফিসে দাপট! মুরাদনগরের দারোরায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ও বারান্দায় সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তির নিয়মিত অবস্থান, আড্ডা, অযাচিত প্রশ্ন ও ভিডিও ধারণের কারণে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

স্থানীয়দের অভিযোগ, কাজিয়াতল গ্রামে অবস্থিত দারোরা ইউনিয়ন ভূমি অফিসে জমির শ্রেণি পরিবর্তন, নামজারি ও খারিজসহ প্রয়োজনীয় ভূমিসেবা নিতে গিয়ে অনেককে একাধিকবার অফিসে আসতে হচ্ছে। অথচ অফিসের ভেতরে ও বারান্দায় দীর্ঘ সময় অবস্থান করেন নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া কিছু ব্যক্তি। এতে সাধারণ সেবাগ্রহীতারা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

ভুক্তভোগীদের ভাষ্য, কোনো নাগরিকের লিখিত অভিযোগ কিংবা ভূমি অফিসের অনিয়মের সুনির্দিষ্ট তথ্য থাকলে সাংবাদিকেরা অবশ্যই অনুসন্ধান করতে পারেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের বক্তব্য নিতে পারেন। তবে অভিযোগের নির্দিষ্ট ভিত্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা অফিসে অবস্থান করে সাধারণ মানুষের ব্যক্তিগত জমিজমা নিয়ে অযাচিত প্রশ্ন করা এবং ভিডিও ধারণ করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

কাজিয়াতল গ্রামের সেবাপ্রার্থী খোরশেদ আলম, হানিফ মুন্সী, কামাল হোসেন পিন্টু ও বাবুল মুন্সী জানান, দারোরা ইউনিয়ন ভূমি অফিসে অনেক সময় সেবাগ্রহীতাদের তুলনায় নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের উপস্থিতিই বেশি চোখে পড়ে। নিজেদের জমির শ্রেণি পরিবর্তন, মিউটেশন ও নামজারি-খারিজের কাজ সম্পন্ন করতে একাধিক দিন অফিসে গিয়েও তাঁরা কাঙ্ক্ষিত সেবা পাননি বলে অভিযোগ করেন।

খোরশেদ আলম বলেন, সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি প্রায়ই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ ও বারান্দায় অবস্থান করেন এবং পায়চারি করেন। এতে অফিসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে গেলেও অনেক সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান না। তাঁর অভিযোগ, বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন ও ভিডিও ধারণের পর ৫০০ কিংবা ১ হাজার টাকা পাওয়ার পর তাঁরা চলে যান।

স্থানীয়দের অভিযোগ, ফেসবুক পেজ, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল কিংবা কথিত আইপি টিভির পরিচয় ব্যবহার করে কেউ কেউ সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। তাঁদের মতে, সাংবাদিকতার পেশাগত নীতিমালা, দায়িত্বশীলতা ও জবাবদিহি অনুসরণ না করে সরকারি দপ্তরে অবস্থান করে সাধারণ মানুষের কাজে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কামাল হোসেন পিন্টু বলেন, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। কেউ সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষের সেবাগ্রহণে বাধা সৃষ্টি করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে প্রকৃত সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। লিখিত অভিযোগ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রশাসন বিষয়টি তদন্ত করতে পারে।

সচেতন মহলের মতে, সরকারি ভূমি অফিস জনগণের সেবাকেন্দ্র, কারও ব্যক্তিগত আড্ডাখানা নয়। একইভাবে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো দপ্তরে প্রভাব বিস্তার কিংবা সাধারণ মানুষকে বিব্রত করার সুযোগ নেই। অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান, জনগণের অভিযোগ তুলে ধরা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। তবে সেই পরিচয়ের আড়ালে সেবাগ্রহীতাদের কাজে বিঘ্ন ঘটলে তা জনস্বার্থের পরিপন্থী।

এ বিষয়ে দারোরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খায়রুল আমান মজুমদার বলেন, প্রায়ই বিভিন্ন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে আসেন এবং মোবাইল ফোনে যোগাযোগ করেন। তাঁরা কী উদ্দেশ্যে আসেন কিংবা প্রকৃতপক্ষে সাংবাদিক কি না, তা যাচাই করার মতো সময় তাঁর নেই। তাছাড়া সাংবাদিকদের পরিচয় যাচাই করা তাঁর দাপ্তরিক দায়িত্বের মধ্যেও পড়ে না। ফলে কে প্রকৃত সাংবাদিক আর কে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন, তা নির্ধারণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় দারোরা ইউনিয়ন ভূমি অফিসে সেবার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যকর নজরদারি দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অফিসে বহিরাগতদের অযথা অবস্থান নিয়ন্ত্রণ, সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে কর্মকর্তাদের কাছে যাওয়ার সুযোগ এবং সাংবাদিকদের দায়িত্বশীলভাবে তথ্য সংগ্রহের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এখন প্রশ্ন উঠেছে—সাংবাদিকতার পরিচয় কি সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি সাংবাদিকতা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার?

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা যে বিমানে দিল্লি নেওয়া হয়েছিল, সেই বিমানেই দেশে ফেরানোর আহ্বান!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা যে বিমানে দিল্লি নেওয়া হয়েছিল, সেই বিমানেই দেশে ফেরানোর আহ্বান!

Oplus_131072

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা সামনে আসে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তার আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন করে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগের পাশাপাশি দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি।

এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফেরাতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

এদিকে, শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ওই আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

অন্যদিকে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দেশে ফেরার তারিখ ঘোষণা এবং নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে আলোচনা-উত্তেজনা তৈরি হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তাপস চন্দ্র সরকার : প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ নভেম্বর) কলেজ গেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাসংগ্রামী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতিবিজড়িত এই মহাবিদ্যালয় বৃহত্তর কুমিল্লার শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর নাম ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এখন আরও বেশি সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক অজিত কুমার গুহ শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন ভাষা আন্দোলন ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর নামে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্বতন্ত্র পরিচিতি। অথচ সময়ের সঙ্গে শিক্ষার পরিধি ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠানটির অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

তাঁরা আরও বলেন, বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। আধুনিক শিক্ষার চাহিদা পূরণ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, উন্নত শিক্ষা উপকরণ, সমৃদ্ধ গ্রন্থাগার এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের মতে, মহাবিদ্যালয়টি জাতীয়করণ করা হলে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ আরও সুগম হবে। পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবেন। এতে বৃহত্তর কুমিল্লার শিক্ষা বিস্তারেও প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অধ্যাপক অজিত কুমার গুহ ছিলেন ভাষা, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তাচেতনার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি ও অবদানকে যথাযথ সম্মান জানাতে হলে তাঁর নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা জরুরি। তাই বিষয়টি শুধু আবেগের নয়, বরং বৃহত্তর অঞ্চলের শিক্ষা ও ঐতিহ্য রক্ষার স্বার্থেও গুরুত্বপূর্ণ।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের নীতিনির্ধারকদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনার দাবি জানান তাঁরা।

শিক্ষার্থীদের প্রত্যাশা, মহান ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির জাতীয়করণের দাবি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। এতে একদিকে যেমন ভাষাসংগ্রামী অধ্যাপক অজিত কুমার গুহের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আরও উন্নত ও সম্ভাবনাময় পরিবেশ সৃষ্টি হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটাই দাবি—ঐতিহ্য ও ইতিহাসের মর্যাদা রক্ষায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ করতে হবে।

×