হোমনায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি ‘শিন হিকারি’র উদ্বোধন

কুমিল্লার হোমনা উপজেলায় জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি ‘শিন হিকারি’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় হোমনা সদরের আল রশিদ প্লাজার তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, কথার জাদুকর ও জনপ্রিয় ধারাভাষ্যকার কবি দেলোয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদুল ইসলাম সাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. সৈয়দ আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম এবং প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মো. সাইদুর রহমান।
বক্তারা বলেন, বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার গুরুত্ব বাড়ছে। জাপানে উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হোমনায় এ ধরনের একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের আর জাপানি ভাষা শেখার জন্য ঢাকায় ছুটতে হবে না। পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পড়াশোনা ও চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রতারণার ঝুঁকি কমাতেও সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। এ সময় বক্তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোমনা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক মো. ইকবাল হোসেন, সাংবাদিক আবুল কাশেম, সোনিয়া আফরিন, পলাশ সরকার, গিয়াস উদ্দিন, কবি আল আমিন, তপন মিয়া সরকার, শফিকুল ইসলাম (মুন্না), রুহুল আমিন জুয়েল, ওমর ফারুক, মো. তারিকুল ইসলাম (তারেক), জয়নাল আবেদীন, রাসেল, মো. নাসির উদ্দিন, মাহফুজসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা।











