মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কবে আসবে কুমিল্লা সিটি নির্বাচনের দিন? সাক্কুকে আবার মেয়র হিসেবে দেখতে চান নগরবাসী

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২২ পিএম
কবে আসবে কুমিল্লা সিটি নির্বাচনের দিন? সাক্কুকে আবার মেয়র হিসেবে দেখতে চান নগরবাসী

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সিটি করপোরেশনের পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে নগরবাসীর মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এর মধ্যেই সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে আবারও নগরপিতার দায়িত্বে দেখতে চান বলে আগ্রহ প্রকাশ করছেন নগরবাসীর একটি অংশ।

তাঁদের আলোচনায় বারবার ফিরে আসছে সাক্কুর মেয়র থাকাকালীন সময়ের কিছু নাগরিক অভিজ্ঞতা। বিশেষ করে হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নআয়ের মানুষ এবং সীমিত সামর্থ্যের বাড়ির মালিকদের প্রতি তাঁর প্রশাসনের তুলনামূলক সহনশীল মনোভাবের বিষয়টি আলোচনায় আসছে।

মনিরুল হক সাক্কু পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১২ ও ২০১৭ সালের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁর সমর্থকদের কাছে তিনি এখনো ‘গরিবের মেয়র’ হিসেবে পরিচিত।

নগরীর ফুটপাত ও সড়ককেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত হকারদের জীবিকা, বাড়ির হোল্ডিং ট্যাক্স এবং বিভিন্ন নাগরিক ব্যয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় রাখার বিষয়টি তাঁর মেয়াদকালের ইতিবাচক স্মৃতি হিসেবে তুলে ধরেন তাঁর সমর্থকেরা।

তাঁদের মতে, নগর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বোঝা জরুরি। শুধু বড় প্রকল্প নয়, একজন নিম্নআয়ের মানুষ যেন নিজের জীবিকা নির্বাহ করতে পারেন এবং বাড়ির কর পরিশোধ করতে গিয়ে অতিরিক্ত চাপে না পড়েন, সেটিও নগর পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ।

সাক্কুর রাজনৈতিক ও নির্বাচনী পথচলাও কুমিল্লার রাজনীতিতে আলোচিত। ২০২২ সালের সিটি নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি মেয়র পদে পরাজিত হন। পরবর্তী ২০২৪ সালের উপনির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সাক্কু জানিয়েছেন, তিনি সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত। ফলে আগামী নির্বাচন ঘিরে তাঁর রাজনৈতিক তৎপরতা ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা আরও বেড়েছে।

তবে সাক্কুকে ঘিরে প্রত্যাশার পাশাপাশি নগরবাসীর সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নগরীর যানজট, জলাবদ্ধতা, ফুটপাত দখল, বর্জ্য ব্যবস্থাপনা, হোল্ডিং ট্যাক্স এবং নাগরিক সেবার মান—এসব ক্ষেত্রে ভবিষ্যৎ মেয়রের পরিকল্পনা কী হবে, সেটিও ভোটারদের বিবেচনায় থাকবে।

কুমিল্লার নগরবাসীর একটি অংশের প্রত্যাশা, আগামী নির্বাচনে তাঁরা তাঁদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাঁদের কাছে পুরোনো অভিজ্ঞতা, নাগরিক সেবার স্মৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এখন প্রশ্ন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল কবে ঘোষণা হবে? কবে নগরবাসী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন মেয়র নির্বাচন করবেন? সেই অপেক্ষায় রয়েছেন নগরীর ভোটাররা।

হোমনায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি ‘শিন হিকারি’র উদ্বোধন

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম
হোমনায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি ‘শিন হিকারি’র উদ্বোধন

কুমিল্লার হোমনা উপজেলায় জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি ‘শিন হিকারি’র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় হোমনা সদরের আল রশিদ প্লাজার তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, কথার জাদুকর ও জনপ্রিয় ধারাভাষ্যকার কবি দেলোয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদুল ইসলাম সাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. সৈয়দ আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম এবং প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মো. সাইদুর রহমান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার গুরুত্ব বাড়ছে। জাপানে উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হোমনায় এ ধরনের একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থীদের আর জাপানি ভাষা শেখার জন্য ঢাকায় ছুটতে হবে না। পাশাপাশি সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পড়াশোনা ও চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রতারণার ঝুঁকি কমাতেও সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। এ সময় বক্তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোমনা সরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক মো. ইকবাল হোসেন, সাংবাদিক আবুল কাশেম, সোনিয়া আফরিন, পলাশ সরকার, গিয়াস উদ্দিন, কবি আল আমিন, তপন মিয়া সরকার, শফিকুল ইসলাম (মুন্না), রুহুল আমিন জুয়েল, ওমর ফারুক, মো. তারিকুল ইসলাম (তারেক), জয়নাল আবেদীন, রাসেল, মো. নাসির উদ্দিন, মাহফুজসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা।

ব্রাহ্মণপাড়ায় ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম
ব্রাহ্মণপাড়ায় ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_131072

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে। ধান্যদৌল কাজী মার্কেটের পূর্ব পাশে হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর থেকে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম ও ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন।
অন্যদিকে, একই দিন উত্তর শশীদল এলাকায় পায়ে চলার কাঁচা রাস্তা থেকে ৮ কেজি গাঁজাসহ আবু তাহের ওরফে ফারুককে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই রূপম কুমার সরকার। অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান ও নূরে আলম আহসান সহযোগিতা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণপাড়ায় কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হ*ত্যা*র অভিযোগ, আদালতের নির্দেশে ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ এএম
ব্রাহ্মণপাড়ায় কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হ*ত্যা*র অভিযোগ, আদালতের নির্দেশে ৩ জনের বিরুদ্ধে মামলা

Oplus_131072

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কাঠ ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি এফআইআর হিসেবে রুজু করা হয়েছে। গত ১৫ নভেম্বর (রবিবার) মামলাটি থানায় নথিভুক্ত হয়।

নিহত ছিদ্দিক মিয়ার ছেলে মো. বাহার মিয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় মো. মাহফুজ মিয়া (৪৫), মো. ইমন (২০) এবং মো. ফারুক প্রকাশে চোরা ফারুককে (৪০) আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ছিদ্দিক মিয়ার সঙ্গে প্রথম আসামি মাহফুজ মিয়ার কাঠ ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ফোন করে ছিদ্দিক মিয়াকে আসামিদের বাড়ির পাশে ডেকে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, সেখানে আসামিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলের একটি ডোবায় ফেলে রাখে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর মৃত্যুকে স্ট্রোকজনিত স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপন এবং দ্রুত দাফন সম্পন্ন করার চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

তবে পরবর্তী সময়ে গোসল করানোর সময় নিহতের গলায় ও পেছনের দিকে নখের দাগ এবং আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এতে তাঁদের সন্দেহ সৃষ্টি হলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেন নিহতের ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, নিহতের ছেলে বাহার মিয়া কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে ব্রাহ্মণপাড়া থানাকে এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন।

তিনি আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মামলায় উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

×