হোমনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, গৃহবধূর রহস্যজনক মৃত্য
স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করেছে পুলিশ
কুমিল্লার হোমনায় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তাহমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দরিচর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত তাহমিনা আক্তার উপজেলার নূরালাপুর গ্রামের মো. আবদুল বাতেন মিয়ার মেয়ে এবং দরিচর গ্রামের মো. সুমন মিয়ার স্ত্রী। তাদের সংসারে চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে তাহমিনার সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে বিভিন্ন সময়ে টাকা এনে দেওয়ার জন্য তাহমিনাকে চাপ দেওয়া হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে পারিবারিক বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়।
পরিবারের অভিযোগ, সর্বশেষ গত ২৭ অক্টোবর তাহমিনার ভাইদের কাছে আবারও টাকা দাবি করেন সুমন। তবে ভাইয়েরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাহমিনার ওপর মানসিক চাপ আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে তিনি কীটনাশকজাতীয় ট্যাবলেট সেবন করেন বলে পরিবারের দাবি।
বিষয়টি জানতে পেরে স্বামীর বাড়ির লোকজন রাত পৌনে ১১টার দিকে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অভিযোগ রয়েছে, সেখানে না নিয়ে তাকে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে সোমবার মধ্যরাতে তাহমিনার বাবার বাড়িতে তার মৃত্যুর খবর জানানো হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে তাহমিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে আসরের নামাজের পর নূরালাপুর গ্রামে বাবার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুমন আত্মগোপনে রয়েছেন বলে পরিবারের দাবি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

















