৭১ টিভির মিথ্যা সংবাদ প্রচার ষড়যন্ত্রমূলক: কুবি কর্তৃপক্ষ
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের (ইউসিএ) নামের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে এমন সংবাদ প্রচার করে কয়েকটি গণমাধ্যম। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়। কিন্তু নামের ইংরেজি বানানে ভুল থাকায় শুরু থেকে নামটি কুবির নয় বলে দাবি করে আসছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে বেসরকারি টেলিভিশন ‘একাত্তর টিভি’ গত ২১ এপ্রিল ‘‘ব্রিটেনে ‘কালো তালিকাভূক্ত’ বাংলাদেশের পাঁচ বিশ্ববিদ্যালয়” শিরোনামে একটি সংবাদ প্রচার করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদটি মিথ্যা দাবি করলে সেসময় সংবাদটি সরিয়ে নেয় ৭১ টেলিভিশন। কিন্তু ৩০ এপ্রিল ‘‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ, কিন্তু অনুসন্ধানে মিলল ‘কালো তালিকা’র সত্যতা’’ আরও একটি সংবাদ প্রচার করে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা। এমতাবস্থায় ৭১ টেলিভিশন কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বারংবার কুবিকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন বলে দাবি কর্তৃপক্ষের।
শনিবার (৩০ এপ্রিল) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭১ টেলিভিশনে প্রকাশিত The Univetsity of Comillha এবং Cumilla University নামটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয় সেটা ৭১ টিভির প্রথম সংবাদের পর পরিষ্কার করা হয়। কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন গত ২১ এপ্রিল ইউসিএ’র হেড অফ কমিউনিকেশন অ্যানি ব্রাউনের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন। কিন্তু আজ পর্যন্ত সে ইমেইলের উত্তর পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয় ইউজিসিও নামটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয় বলে জানিয়েছেন। তাছাড়াও ইউজিসি মনে করেন, ইউসিএ’র বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভূক্ত করার এখতিয়ার নেই।
আজ ৩০ এপ্রিল ৭১ টেলিভিশনে প্রকাশিত ‘‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ, কিন্তু অনুসন্ধানে মিলল ‘কালো তালিকা’র সত্যতা’’ শিরোনামে ফের সংবাদ প্রচার করা হয়েছে। তারা পূর্বে প্রচারিত সংবাদের তথ্য দিয়ে নামসর্বস্ব একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে কুবি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে।
সংবাদে ইউসিএ’র কর্মকর্তা সোফিয়া ওয়াং এর বরাত দিয়ে যে বিষয়টি জানানো হয় সেখানেও কুবির নাম নেই। কুবি প্রশাসন বলছেন, আজকের সংবাদটি তাদের ইতিপূর্বে প্রচারিত সংবাদে প্রচারিত তথ্যের পুনরাবৃত্তি মাত্র। আমাদের বোধগম্য নয় যে, তারা কি ধরনের ‘অনুসন্ধান’ করেছে বা কিসের ‘সত্যতা’ পেয়েছে বলে দাবি করছে।
জেলার নামের সাথে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি অপ্রাসঙ্গিক এবং উদ্দেশ্যমূলক। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও তাদের ইংরেজি নাম পরিবর্তন করেনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, ৭১ টেলিভিশন কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বারংবার কুমিল্লা বিশ^বিদ্যালয়কে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। এ বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানানো হয়েছে।











