চোরাকারবারিদের কালো থাবা, যাচ্ছে ইলিশ আসছে মাদক!
কুমিল্লা সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারতে পাচার হচ্ছে দেশের জাতীয় মাছ ইলিশ। চোরাকারবারিদের দৌরাত্ম্যে ভরা মৌসুমেও বাজারে ইলিশ তেমন একটা পাওয়া যাচ্ছে না। এতে করে জাতীয় এ মাছের স্বাদের নাগাল পাচ্ছে না জেলার নিম্নআয়ের লোকজন। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে কীভাবে এসব ইলিশ পাচার হচ্ছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে ইলিশ পাচার করে তার বিনিময়ে চোরাকারবারিরা ভারত থেকে মাদকসহ নানা ধরনের চোরাই পণ্য নিয়ে আসছে বলে জানা গেছে।
জেলার নানা শ্রেণি-পেশার মানুষ জানান, পাঁচ থেকে সাত বছর আগেও মৌসুমে চাঁদপুরের ইলিশে সয়লাব থাকত কুমিল্লার সবকটি বাজার। আর রান্না করা ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পড়ত আশপাশের ঘরবাড়িতে। কিন্তু সময়ের পরিক্রমায় আগের মতো স্বাদ ও ঘ্রাণের ইলিশের নাগাল পাচ্ছে না জেলার ভোক্তারা। চাঁদপুরের স্বাদের ইলিশ ভারতে পাচার করে দিচ্ছে চোরাকারবারিরা। প্রতিদিনই রাতের আধারে হাজার হাজার পিস ইলিশ পাচার হয়ে যাচ্ছে। এতে করে বাজারে শুধু চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালীর কম স্বাদ ও ঘ্রাণের ইলিশ পাওয়া যাচ্ছে। আবার এসব ইলিশের দামও নাগালের বাইরে।
বাজার সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনই চাঁদপুর থেকে আসা ইলিশ কিনে নিচ্ছে চোরাকারবারিরা। এসব ইলিশ রাতের অন্ধকারে কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতে পাচার হয়ে যাচ্ছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, সংকুচাইল, আশাবাড়ী, বুড়িচং উপজেলার তেলকুপি বাজার, জামতলা, শুকুচাইল, আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর, বড়জ্বালা, সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর, যশপুর, মুড়াপাড়া ও দলকিয়া সীমান্ত দিয়ে ইলিশ পাচার হচ্ছে। ইলিশ পাচারে জড়িতরা অধিকাংশই মাদক কারবারি বলে জানা গেছে। পাচারকারী সিন্ডিকেটগুলো ইলিশের পরিবর্তে মাদকের চালান নিয়ে আসছে বলে সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন।
সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্ত এলাকার বাসিন্দা মনির আহম্মেদ বলেন, ‘চোখের সামনে দিয়ে আমাদের ইলিশ চলে যাচ্ছে ভারতে। এগুলো বৈধ পথে গেলে সরকার রাজস্ব পেত। কিন্তু তা চলে যাচ্ছে চোরাই পথে। এর পরিবর্তে ভালো কিছু এলে তাও খুশি হতাম। কিন্তু ইলিশের পরিবর্তে কী আসছে, তা আপনারাই খোঁজ নিয়ে দেখেন।’
জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল সীমান্ত এলাকার বাসিন্দা নয়ন মিয়া বলেন, ‘সন্ধ্যার পর ইলিশ মাছ নিয়ে অনেকগুলো পিকআপ জড়ো হয়। সীমান্তরক্ষীদের টহলের ফাঁকে ফাঁকে তা ওপারে পাচার করে দেওয়া হয়। এগুলো কারা করছে সবাই জানে। কিন্তু কেউ নাম বলবে না। কারণ চোরাকারবারিরা অত্যন্ত শক্তিশালী। তাদের বড় ধরনের নেটওয়ার্ক আছে।’
কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাজেশ বড়ুয়া বলেন, ‘সীমান্ত দিয়ে ইলিশ পাচার হচ্ছে এমন খবর সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। বিষয়টি নিয়ে নজরদারি বাড়ানো হবে। তাছাড়া সীমান্তের দিকে যাওয়ার সড়কগুলোতে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হবে।’
এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ‘ইলিশ মাছ পাচারের বিষয়টি আমার জানা নেই। সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে জানাবেন। আমরা অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। আমার আওতাধীন সব বিওপিকে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য নির্দেশনা দেওয়া হবে। ইলিশ মাছ পাচার রোধে বিজিবি কঠোর থাকবে।



















