সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সাংবাদিকের ভুয়া প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৭:২১ এএম
সাংবাদিকের ভুয়া প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও বুড়িচং উপজেলা শেখ রাসেল পরিষদের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেনের ভুয়া প্রতিবন্ধী ভাতা কার্ড বাতিল করা হয়েছে। কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তর চিঠি ইস্যু করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় এবং অফিস সূত্রে জানা যায়, দলীয় এবং সাংবাদিকতার প্রভাব খাটিয়ে ভুয়া প্রতিবন্ধী সনদ তৈরি করেন ইকবাল হোসেন। এই ভুয়া সনদ দিয়ে দীর্ঘদিন বুড়িচং সমাজসেবা অফিস থেকে সরকারি সুবিধা ভোগ করে আসছেন তিনি। তার ভুয়া প্রতিবন্ধী কার্ড বাতিলের জন্য কুমিল্লা জেলা প্রশাসক, জেলা সমাজসেবা অফিস, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়িচং সমাজসেবা অফিসে অভিযোগ করেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমেন। অভিযোগের ভিত্তিতে ইকবাল হোসেনের ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড বাতিল করে গত ১১ নভেম্বর চিঠি ইস্যু করেন কুমিল্লা জেলা সমাজসেবা অফিস।
চিঠিতে উল্লেখ করা হয়, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমেনের অভিযোগের প্রেক্ষিতে গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের প্রভাষক ও যুগান্তরের প্রতিনিধি ইকবাল হোসেনকে প্রতিবন্ধী নন মর্মে ঘোষণা করায় তার প্রতিবন্ধী সনদ বাতিল ও প্রতিবন্ধী ভাতার কার্ডসহ এতদসংক্রান্ত সকল সরকারি সুযোগ সুবিধা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সূত্রোক্ত পত্র ও আনুষাঙ্গিক কাগজপত্র বুড়িচং সমাজসেবায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে অভিযোগকারী বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমেন বলেন, “ইকবাল প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী সেজে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে আসছিলো। বিষয়টি নিয়ে আমি অভিযোগ করার পর জেলা প্রশাসক কার্যালয় থেকে ইকবালের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনকে চিঠি দেয়া হয়। পরবর্তিতে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করে স্বাস্থ্য পরীক্ষার পর তার প্রতিবন্ধী হওয়ার কোন লক্ষণ পাওয়া যায়নি। তাই সমাজসেবা অধিদপ্তর তার কার্ড বাতিল করেছেন।”
আব্দুল মোমেন আরও বলেন, “প্রতারণার মাধ্যমে গ্রহণকৃত সরকারি সকল ভাতা ফেরত দেয়ার জন্য নতুন আরেকটি আবেদন করবো। আমি আশাবাদী প্রতারণার বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।”
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, “অফিসিয়ালভাবে আমার কাছে এখনো চিঠি আসে নাই। চিঠি আসলে সেটা দেখে তারপর বলতে পারবো যে এটার নীতিমালা কি। তবে টাকা ফেরত এবং আইনানুগ ব্যবস্থার বিষয়ে সমাজসেবা অফিস বলতে পারবে কারণ এটা তাদের কাজ।”
এ বিষয়ে কুমিল্লা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে তার সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় প্রতিবন্ধী কার্ড বাতিল করা হয়েছে। এ বিষয়ে বুড়িচং উপজেলা সমাজসেবা অফিসাররা ভালো বলতে পারবে। যে কোন অভিযোগ তাদেরকে জানান আমরা ব্যবস্থা নেবো। আমি চাই প্রকৃত প্রতিবন্ধীরা যেন এ সুযোগ সুবিধা ভোগ করতে পারে।”

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তালিকাটি ঘোষণা করেন।

 

প্রকাশিত তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরীসহ মোট ৩৬ জন প্রার্থী।

 

এর আগে গত ১৭ এপ্রিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। পরদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত দিতে হয়। এর মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়ে।

 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

 

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি আসন নির্ধারিত হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

×
Skip to toolbar