মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

যুবদল নেতার মৃত্যু : দোষীদের শাস্তির দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৭ পিএম
যুবদল নেতার মৃত্যু : দোষীদের শাস্তির দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবার, স্বজন ও এলাকাবাসী।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিহত যুবদল নেতা তৌহিদের লাশ নিয়ে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রাম ও আশপাশের এলাকার সর্বস্তরের জনতা কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

বেলা বারোটার দিকে যুবদল নেতা তৌহিদের লাশবাহী গাড়ি নিয়ে জনতার সমাবেশ ঘটে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে। এ সময় বিক্ষুব্ধ লোকজন দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চান। তারা প্রেসক্লাবের সামনের সড়কে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে যৌথবাহিনী ও সিভিল পোশাক পরিহিত কিছু লোকজন তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তৌহিদের পিতার কুলখানির রান্নার আয়োজন চলছিল। কুলখানি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই রাতে যৌথবাহিনীর লোকজন তৌহিদ ও তার স্ত্রী সহ অন্যদের মোবাইল ফোন জব্দ করেন। পরে তৌহিদের ঘর তল্লাশি করতে চাইলে তার স্ত্রী কারণ জানতে চান। তখন সেনা সদস্যরা জানান ঘরে অস্ত্র আছে। এরপর ঘর তল্লাশি করে কোনো অস্ত্র না পেলেও তৌহিদকে যৌথ বাহিনী আটক করে। তাকে আটকের পর রাতভর উৎকণ্ঠায় থাকার পর সকাল সাড়ে আটটার দিকে যৌথ বাহিনীর ওই টিম তৌহিদকে নিয়ে তার বাড়িতে আসে। এসময় তৌহিদকে মুমূর্ষুও দেখা যাচ্ছিল বলে তার স্ত্রী দাবি করেন।

তিনি আরো বলেন, কিছুক্ষণ বাড়িতে অবস্থানের পর সেনা সদস্যরা তৌহিদকে নিয়ে গাড়িতে উঠিয়ে আবার চলে যায়। বেলা সাড়ে বারোটার দিকে কোতোয়ালি থানার একজন পুলিশ অফিসারের ফোন পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তৌহিদকে তারা মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।

সংবাদ সম্মেলনে তৌহিদের স্ত্রী ইয়াসমিন নাহার তার স্বামীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে তৌহিদুলের ভাগ্নি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর মাহবুবা উদ্দিন বলেন, ‘ঘটনার শুরু থেকে এ পর্যন্ত দফায় দফায় আমরা কুমিল্লা সেনানিবাসের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের সেনা আইনে বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা যদি ন্যায় বিচার না পাই তাহলে বিধি অনুসারে আইনগত পদক্ষেপ নেব।’

বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এ বিষয়ে অনেকের সাথে কথা বলেছি। সেনাবাহিনী জুলাই-আগস্ট আন্দোলনে জনতার সাথে মধুর সম্পর্ক রেখে দেশের জন্য কাজ করেছে। এভাবে কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু আমাদের কষ্ট দেয়। আশা করি ওই ব্যক্তির পরিবার বিচার পাবে।’

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর পরিচয়ে কিছু সেনা সদস্য ও সিভিলে থাকা ব্যক্তি তৌহিদকে বাড়ি থেকে তুলে নেয়। তিনি জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চট্টগ্রামের একটি বেসরকারি শিপিং কোম্পানিতে চাকরি করতেন। চার দিন আগে বাবা মারা যাওয়ার খবরে বাড়ি এসেছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশের সোপর্দ করার পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর নিহত তৌহিদুল ইসলামের প্রথম জানাজা শনিবার বাদ জোহর ইটাল্লা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ তৌহিদের মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

×
Skip to toolbar