ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি
ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা পশ্চিমপাড়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আলী আহাম্মদ মুহরীর বাড়িতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের তিন সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত বেঁধে ফেলে। মুখে গামছা ও মাস্ক পরিহিত ডাকাতদের হাতে ছিল রান্দা ও লোহার রড।
ভুক্তভোগী মো. আবুল কালাম জানান, ডাকাতরা প্রথমে ঘরে প্রবেশ করে আলমারির চাবি নেয় এবং ১.৫ ভরি স্বর্ণালঙ্কার, মসজিদের ফান্ডের ৯০ হাজার টাকা, দুটি স্মার্টফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর সকালে এলাকাবাসী খবর পেয়ে তাদের উদ্ধার করেন।
ডাকাতির খবর পেয়ে ব্রাহ্মণপাড়া-দেবিদ্দার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ, ব্রাহ্মণপাড়ায় সম্প্রতি চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। অধিকাংশ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তারা বলছেন, চোর-ডাকাতরা জেল হাজতে যাওয়ার কয়েক দিনের মধ্যেই আবার মুক্ত হয়ে আগের মতো অপকর্মে জড়িয়ে পড়ে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ অবস্থায় কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখাচ্ছেন, যা গণপিটুনির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। মাধবপুর ইউনিয়নে চোর-ডাকাতদের উপদ্রবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তারা নিজেদের জানমাল নিয়ে চরমভাবে চিন্তিত।



















