তফসিল বাতিলের দাবিতে মশাল জ্বালিয়ে রাস্তায় আওয়ামী লীগ
Oplus_131072
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। দুই শতাধিক মানুষ হাতে মশাল নিয়ে “তফসিল বাতিল করো”, “অবৈধ নির্বাচন মানি না” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, একই রাতে সদর উপজেলার একটি এলাকাতেও আওয়ামী লীগের আরও একটি মশালমিছিল হয় বলে জানা গেছে। তবে নির্দিষ্ট কোন এলাকায় তা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার পরপরই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে নেতা-কর্মীরা তফসিলকে অবৈধ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অনেকের মুখে মাস্ক ছিল, যা তাদের পরিচয় গোপনের ইঙ্গিত দেয়।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে গোয়েন্দা সংস্থাও।




















