কুমিল্লায় ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
Oplus_131072
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কুমিল্লার একটি বিশেষ অভিযানিক দল লালমাই বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সময় গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ডাকাত চক্রটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তাররা হলেন—জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫০), মো. মামুন মিজী (৪৫), মো. কবির ভূঁইয়া (৪০), মো. রবিউল আলম (৩৫) ও মো. নজরুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি চাঁদপুর জেলার সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জহিরুল ইসলাম বর্তমানে কুমিল্লা নগরীর টমছম ব্রিজসংলগ্ন এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন। অপর কয়েকজনও কুমিল্লার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
অভিযানে একটি লোহার বোল্ট কাটার, একটি সেলাই রেঞ্চ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের হাতুড়ি, একটি কাঠের হাতুড়ি সদৃশ যন্ত্র, একটি কালো রঙের কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ গাড়ি এবং একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ডাকাত চক্রের কার্যক্রম ও তাদের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত ১৭ আগস্টের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।














