সেনা-র্যাব অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় আজ ২০ ডিসেম্বর ভোরে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা মোঃ নজমুল ইসলাম শামীমকে।
সেনাবাহিনীর ২৩ বীর ইউনিট ও র্যাব-১১ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের শুরুতেই শামীমের নিজ বাসভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়:
তিনটি স্থানীয়ভাবে তৈরি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, একটি পিস্তলের রাউন্ড ও একটি রিভলভারের রাউন্ড, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়ালসহ ১০টি দেশীয় অস্ত্র, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।
র্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে র্যাবের তথ্যপ্রযুক্তি সহায়তায় শামীমকে জিপিএস ও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে আটক করা হয়। পরে সেনাবাহিনী তাকে র্যাবের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। একাধিক সূত্রে জানা যায়, তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত চাঁদাবাজ। পুলিশি নথি অনুযায়ী, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় অন্তত সাতটি মামলা রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৪ পদাতিক ব্রিগেডের অধিনায়কত্বে পরিচালিত এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
























