চাঁদপুরে প্রেমের অভিযানে চীনা নাগরিক, কিশোরীসহ পুলিশের হেফাজতে
Oplus_131072
প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা নাগরিক। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের এক ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর, তাকে সঙ্গে নিয়ে হোটেলে অবস্থান করায় পুলিশের হেফাজতে নেওয়া হয় তাদের।
জানা গেছে, চীনা নাগরিক ফাং জিং লং (৩৭) ও ওই কিশোরীর পরিচয় হয় প্রায় এক বছর আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিশোরীর আহ্বানে সাড়া দিয়ে ফাং জিং লং চাঁদপুরে আসেন।
২০ ডিসেম্বর কিশোরী নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার পালকি হোটেলে অবস্থান করছেন চীনা প্রেমিকের সঙ্গে। বিষয়টি জানার পর ২২ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে কিশোরীর মা চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ হোটেল থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন এবং জানান, এটি ছিল পারস্পরিক সম্মতিতে দেখা করার সিদ্ধান্ত।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, কিশোরী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় উভয়ের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে চীনা নাগরিক ফাং জিং লংকে নিজ দেশে ফিরে যাওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।




















