বহুজাতিক কোম্পানিতে ছুটি সংকট ভোটাধিকার হারাচ্ছে হাজারো শ্রমিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি নির্দেশনায় দেশের সকল শিল্পকারখানা ও অফিসের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারাদেশে সাধারণ ছুটি কার্যকর থাকবে যাতে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তবে বাস্তবে অনেক বহুজাতিক ও প্রাইভেট কোম্পানি সরকারি নির্দেশনা পুরোপুরি মানছে না। আকিজ গ্রুপের অভ্যন্তরীণ কল রেকর্ড ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ উঠেছে, কোকাকোলা ও পেপসিকোসহ বেশ কিছু কোম্পানির শ্রমিকরা ভোটের ছুটি পাচ্ছেন না। ফলে তারা জাতীয় গুরুত্বপূর্ণ দিনে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে শিল্প এলাকায় কর্মরত শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি বিশেষ ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে অনেক শ্রমিক টানা তিন দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি ভোগ করার সুযোগ পাবেন। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানের জন্য এই ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবায়নে বৈষম্য দেখা দিয়েছে।
শ্রমিকরা বলছেন, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া শুধু তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, গণতান্ত্রিক অধিকার হরণের সামিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং জাতীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।


















