রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

দেবীদ্বারে “উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটি”র সভা অনুষ্ঠিত

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৫৯ পিএম
দেবীদ্বারে “উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটি”র সভা অনুষ্ঠিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনে সঠিক নিয়মে ফিরে আসতে এক মাস সময় বেঁধে দিলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এই সময়ের মধ্যে চিকিৎসকদের মানুষিক ও সেবার মানের পরিবর্তন না হলে আগামী বৈঠকে নাম ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে বলেন, ডাক্তারদের আমরা সহযোগিতা করবো, ডাক্তাররা আমাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১ টায় কুমিল্লার দেবীদ্বারে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি ওই বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২০০৯ সালে উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটির সভা করার ১৭ বছর পর উক্ত সভা অনুষ্ঠিত হলো। এর আগে ১৯৯১ সালে অনুষ্ঠিত সভার ১৮ বছর পর অর্থাৎ ২০০৯ সালে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল।

উক্ত সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহিবুস সালাম খান, ডাঃ শরিফুল ইসলাম শাকিল, ডাঃ মো. সাদাত ইরতিশাম, ডাঃ মো. মঞ্জুর হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।

সভাশেষে কুমিল্লা- ০৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ১৭ বছর পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় চিকিৎসকদের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি, হাসপাতালের বিভিন্ন অবকাঠামোর সমস্যার কথা আলোচনায় উঠে এসেছে। আমরা সমস্যা সমাধানে কাজ করবো। দেখেন ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ৮০/১০০ জন সেবা প্রত্যাশী আসছেন, ডাক্তাররা কিন্তু তাদের বঞ্চিত করছেন না- সেবা প্রদান করে আসছেন। গত ফেব্রুয়ারি মাসে বহির্বিভাগে ১৫ হাজার ৫শ রুগীর সেবা প্রদান করেছেন। হাসপাতালে জনবল সংকট রয়েছে, যেখানে ১০ জন জনবল থাকার কথা সেখানে রয়েছে ৫ জন।

দেবীদ্বারে ডাক্তারদের রেসিডেনসিয়াল ফ্যাসিলিটি নিশ্চিত করতে না পারলে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। রোগীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে ডাক্তারদের বিরুদ্ধে ডাক্তাররা চেম্বারে থাকেনা, তারা ৮টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালে না থেকে প্রাইভেট হাসপাতালে গিয়ে রোগী দেখেন। ঠিকভাবে দেখে শুনে চিকিৎসা দেয়না এমন নানাবিধ অভিযোগ। দেবীদ্বারের অনেক ডাক্তার প্রেষনে রয়েছে, তাদের ফিরিয়ে আনা হবে। আগামী ১ মাস অভজার করেন, দেখেন কতটুকু পরিবর্তন আসে। ডাক্তারদের আমরা সহযোগিতা করবো, ডাক্তাররা আমাদের সেবা নিশ্চিত করবে।

হাসপাতালের ৪ তলা বিশিষ্ট একটি নতুন ভবন হওয়ার কথা রয়েছে ২০২৯ সালে, তবে আমরা এটা যেনো শিঘ্রই শুরু করতে পারি সেই ব্যাবস্থা গ্রহন করা হবে। সরকারি নিয়ম বহির্ভূতভাবে দেবীদ্বারে কোনো প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার যেনো পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন। দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ।

চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম
চান্দিনায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামী, পেশাদার চোর ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, চুরি মামলার আসামী জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মাহবুব আলম (২১), পিতা-মো: দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী-রবিউল্লা; রবি উল্লা (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ; নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম
মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে থামছেই না কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের আশ্রয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ, বাইশগাঁও ইউনিয়নের দক্ষিণ মানরা, শাকতলা, রামদেবপুর, মনিপুর, শ্রীপুর, নয়নপুর, কমলপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ সারি দেখা যায়। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, কম দামে জমির মাটি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কিনে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পাশের জমির মাটি কেটে নেওয়ায় তাদের জমিতে পানি জমে থাকছে না, আবার কোথাও নিচু জমিতে পানি নেমে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নিজের জমির মাটিও বিক্রি করতে রাজি হচ্ছেন।

স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তায় মাটি পড়ে থাকায় যানবাহনের চাপে তা ধুলায় পরিণত হচ্ছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জমির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি অংশে জৈব উপাদান থাকে, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর অপসারণ করলে জমির উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে হ্রাস পায়।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।” তবে স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আবার শুরু হয় মাটি কাটা।

আইন অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড, পুনরাবৃত্তিতে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও অবহিত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও রাস্তাঘাট রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক।

মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ এএম
মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

 

পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, তার দায়ের করা একটি মামলার আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা ওয়ারেন্ট জারি, চাঁদা দাবি এবং ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, চক্রটি কখনো প্রশাসনের পরিচয়ে, কখনো ছদ্মবেশে নারী-পুরুষ মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, এ চক্র রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণের বাধার মুখে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে চাঁদা দাবির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

×
Skip to toolbar