আইনি অনুমতি থাকলেও রাস্তায় বাধা, কুমিল্লায় বাস চলাচল বন্ধের হুমকি
কুমিল্লা নগরীতে পরিবহণ খাতে ফের উত্তেজনা। চাঁদপুর জেলা প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও কুমিল্লা বাস মালিক সমিতির বাধার মুখে আইদি পরিবহণের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদে বৃহৎ পরিবহণ সংগঠন কুমিল্লা বাস মালিক সমিতি ঘোষণা দিয়েছে—দাবি না মানলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নগরীর তিনটি প্রধান টার্মিনালসহ প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
বিতর্কের কেন্দ্রবিন্দু জাঙ্গালিয়া বাস টার্মিনাল। ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসনের অনুমতিতে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহণ যাত্রা শুরু করে। কিন্তু কুমিল্লা জেলা প্রশাসন থেকে রুট পারমিট না পাওয়ায় জাঙ্গালিয়া টার্মিনাল ব্যবহার করতে পারছে না তারা। পরিবহণ মালিকদের অভিযোগ, রুট পারমিট ছাড়া টার্মিনাল ব্যবহার করা বেআইনি।
আইদি পরিবহণের চেয়ারম্যান মীর পারভেজ আলম বলেন, “চাঁদপুর থেকে অনুমতি নিয়েও কুমিল্লা বাস মালিক গ্রুপ শুরু থেকেই বাধা দিয়ে আসছে। এমনকি বিজয় দিবসে কিছু বাস জাঙ্গালিয়ায় আনলে শ্রমিক নেতারা বাধা দেন। এখন তারা ধর্মঘটের হুমকি দিচ্ছেন।”
তিনি আরও জানান, “ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে পদুয়ারবাজার বিশ্বরোড থেকে বাস চালু করি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনাপত্তিপত্র না দেওয়ায় আমরা সংকটে পড়েছি।”
কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, “আইদি পরিবহণ কুমিল্লা থেকে রুট পারমিট না পেয়েও টার্মিনাল ব্যবহার করতে চায়। বিজয় দিবসে হঠাৎ বাস আনা হয়, যা আমাদের সিদ্ধান্তের পরিপন্থী। তাই বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ থাকবে।”
এদিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক জানান, “আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। আইদিকে পদুয়ারবাজার থেকে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই পরিস্থিতিতে যাত্রী সাধারণের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবহণ সংকট নিরসনে দ্রুত সমাধান চায় নগরবাসী।

























