সকল প্রেস কার্ড বাতিল কুমিল্লার ডাকে নতুন যুগ
দৈনিক কুমিল্লার ডাক কর্তৃপক্ষ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে আজ থেকে পত্রিকাটির সকল প্রতিনিধির প্রেস কার্ড স্থগিত ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে সম্পাদকীয় বিভাগ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি পত্রিকার প্রতিনিধিদের কাছ থেকে আশানুরূপ সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানমূলক রিপোর্ট কিংবা ভিডিও কনটেন্ট পাওয়া যাচ্ছিল না। অনেকেই প্রেস কার্ড ব্যবহার করলেও পত্রিকার নীতিমালা ও আদর্শ অনুসরণ না করে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমকে সংবাদমাধ্যমের বিকল্প হিসেবে ব্যবহার করছেন, যা পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী। এ অবস্থায় পত্রিকার ভাবমূর্তি ও পাঠকের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে বলে কর্তৃপক্ষ মনে করছে।
সম্পাদকীয় বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংবাদপত্রের প্রতিনিধিত্ব মানে শুধু একটি কার্ড বহন নয়, বরং একটি আদর্শ ও দায়িত্বের প্রতিনিধিত্ব করা। পত্রিকার মানোন্নয়ন ও পাঠকের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক কুমিল্লার ডাক শিগগিরই প্রিন্ট, ডিজিটাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে নতুন প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র ও প্রমাণপত্রসহ আবেদন করতে আহ্বান জানানো হবে। নিয়োগে প্রাধান্য পাবে সাংবাদিকতায় অভিজ্ঞতা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির দক্ষতা, ভিডিও ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির সক্ষমতা, নৈতিকতা ও পেশাদারিত্ব।
এই সিদ্ধান্তের মাধ্যমে দৈনিক কুমিল্লার ডাক তার সাংবাদিকতা নীতিতে শৃঙ্খলা, দায়বদ্ধতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে চায়। প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে—সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যান।























