ঐতিহাসিক শাহসূজা মসজিদ প্রাঙ্গণে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা নগরীর ঐতিহাসিক শাহসূজা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত মোঘলটুলী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আব্দুল বাতেন কাসেমী (দাঃ বাঃ)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ড. ইরফান বিন তোরাব আলী (দাঃ বাঃ)। এছাড়া অন্যান্য আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিরাও মাহফিলে বক্তব্য দেন।
বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে ইসলামী জীবনব্যবস্থা, ব্যক্তিগত চরিত্র গঠন, পারিবারিক মূল্যবোধ, সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করা এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা বলেন, মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের জন্য ইসলামী শিক্ষা ও অনুশাসন অনুসরণ করা জরুরি। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মেনে চলার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং অন্যের অধিকার রক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।
ঐতিহাসিক শাহসূজা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলকে ঘিরে বিকেল থেকেই মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। মাহফিল চলাকালে পুরো প্রাঙ্গণে ধর্মীয় পরিবেশ বিরাজ করে। দীর্ঘ সময় ধরে চলে কোরআন-হাদিসভিত্তিক আলোচনা, নসিহত ও জিকির।

আয়োজক মোঘলটুলী যুব সমাজ ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ইসলামী জীবনব্যবস্থার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ইসলাহী মাহফিলের মূল উদ্দেশ্য।
রাত ১০টা পর্যন্ত চলা মাহফিলের শেষপর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি এবং মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।



















