কুমিল্লায় দায়িত্ব পালনকালে তিন টেলিভিশন সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি শাওন গ্রেপ্তার
Oplus_131072
কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন টেলিভিশন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ঘটনার পর হামলার প্রধান আসামি শাওনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হন তিন টেলিভিশন সাংবাদিক। আক্রান্ত সাংবাদিকরা হলেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি মো. মারুফ।
সংবাদ সংগ্রহের কাজে গিয়ে হামলার শিকার হন ওই তিন সাংবাদিক। ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান।
এদিকে হামলার ঘটনায় প্রধান আসামি শাওনকে বুধবার রাতেই ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, তিন টেলিভিশন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা, হুমকি বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।
তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তিকেন্দ্রিক ঘটনা নয় এটি অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপরও প্রত্যক্ষ আঘাত। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
হামলাকারীদের কোনো রাজনৈতিক, সামাজিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা।
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো ধরনের ছাড় না দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
























