চাঁদাবাজিমুক্ত ঈদযাত্রায় সচেষ্ট হাইওয়ে পুলিশ
চাঁদাবাজিমুক্ত ঈদযাত্রায় সচেষ্ট হাইওয়ে পুলিশ
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজিমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে শক্ত অবস্থানে রয়েছে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন। এছাড়া ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। এসবের জন্য নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যেই বিভিন্ন যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনগুলোর সাথে সমন্বয় মিটিং সম্পন্ন করা হয়েছে। আজ রবিবার (১৮ জুন) আসন্ন ঈদ’কে সামনে রেখে আয়োজিত মাসিক কল্যাণ ও হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সভায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ উক্ত বিষয়ে সার্বিক নির্দেশনাবলি প্রদান করেন। সভায় অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপিগণ, কুমিল্লা রিজিয়নের ২২ থানার ওসি ও মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্র রিজিয়নের ২২টি থানা/ফাঁড়ির ২ পালায় ৬৬ টি পেট্রোল টিমের পাশাপাশি কোনো ইমার্জেন্সি সামাল দিতে থাকবে ৩০টি কুইক রেসপন্স টিম। যেকোনো ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে ৫টি সরকারি ও ১২ টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স থাকছে দুর্ঘটনায় হতাহতের সেবার জন্য। এই সময়ে মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন যানবাহন না থামানোর নির্দেশনা দেয়া হয়েছে যান চলাচল নির্বিঘ্ন করতে। এছাড়া ২ টি গোয়েন্দা টিম কাজ করবে ঈদের আগে ও পরের সপ্তাহব্যাপী। একটি পূর্নাঙ্গ কন্ট্রোলরুমের পাশাপাশি থাকবে ৫টি সাব কন্ট্রোলরুম। ৮২১ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও কোন সংগঠন বা কোন চক্র কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়াও নির্দিষ্ট গন্তব্য ব্যতীত কোরবানির পশুবাহী গাড়ি ভিন্ন কোন জায়গায় জোরপূর্বক নামানো যাবে না। প্রয়োজনে হাইওয়ে পেট্রোল সেই গাড়িকে তার নির্দিষ্ট হাটে পৌঁছাতে সহায়তা দিবে বলে জানিয়েছেন কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার। চাঁদাবাজির কোন অভিযোগ পাওয়া মাত্রই নেয়া হবে কঠোর ব্যবস্থা। হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি এবারও বিশেষ ইউনিফর্মে থাকবে হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর ১০০ প্রশিক্ষিত সদস্য। এবারও হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ নিজেই একটি স্পেশাল টিমসহ মহাসড়কের শৃঙ্খলা তদারকি করবেন বলে জানিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, মহাসড়কে অনাকাঙ্খিত কোন দুর্ঘটনা না ঘটলে ঘরমুখি মানুষকে এবারও স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।













