চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত হওয়ায় বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা হবে।
সোমবার (২৫ মে) বিকেলে কুমিল্লা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও সফর শেষে ফেরার পথে আকস্মিকভাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সার্বিক অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ওয়াশরুম, ওয়ার্ডের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেন কোনো ধরনের চিকিৎসা সেবা ব্যাহত না হয়, সে জন্য প্রতিটি হাসপাতালে ডাবল ফিডার (পৃথক দুইটি বিদ্যুৎ সংযোগ লাইন) নিশ্চিত করা হবে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি।
হাসপাতালের সামনের বেহাল সড়কের বিষয়ে তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনের এক পর্যায়ে মন্ত্রী হাসপাতালের রন্ধনশালায় যান এবং রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান যাচাই করতে পরীক্ষামূলকভাবে খাবার খেয়ে দেখেন। এ সময় হাসপাতালের খাবারের গুণগত মান, রান্নার পরিবেশ ও স্বাস্থ্যবিধি সম্পর্কেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, রোগীর চাপ এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন জরুরি রোগীর চাপ সবসময়ই বেশি থাকে। এ অবস্থায় হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. ফজলে রাব্বি, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।













