জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি
Oplus_131072
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি লাভ করেন। ১৯৮৫ সালে জেলা আদালতে এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন।
২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন।
এই নিয়োগ দেশের বিচার বিভাগে নতুন নেতৃত্বের সূচনা করল, যা বিচার ব্যবস্থার ধারাবাহিকতা ও ন্যায়বিচারের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















