বিধিনিষেধ সত্ত্বেও ফেনীতে চলছে মেলা!
ছবি @ সংগৃহিত।
সারাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) এর নতুন ভেরিয়েন্ট অমিক্রন বিস্তার রোধে ১১টি শর্তে গত ১১ জানুয়ারী বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কিন্তু সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করে ফেনী জেলা পুলিশ লাইনে পুলিশ নারী কল্যান সমিতি পুনাকের উদ্যোগে ও রঙ্গরুপ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে শিল্প ও পন্য মেলা চলেছে। স্বাস্থ্য বিধির কোন বালাই নেই অবাদে চলছে ক্রেতা-বিক্রেতাদের কারবার।
গত ৮ জানুয়ারী শহরের পুলিশ লাইনে জমকালো আয়োজনে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের উপস্থিতিতে উদ্বোধন হয় মেলাটি, এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী, আধা সরকারি জনপ্রতিনিধি ও নানা শ্রেণির মানুষ। ৪০ দিনের মেলাটির ইভেন্ট ম্যানেজমেন্ট সরাসরি আয়োজক আদিবাসী নারী নেত্রী রাখি মনি সিনহার রঙ্গ রুপ নারী উন্নয়ন সংস্থা।
যদিও রঙ রুপ নারী উন্নয়ন সংস্থার মেলা আয়োজনের বৈধতার উপর আরেক ব্যবসায়ী এস আর টি সি এল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রহমান আইজিপি ও পুলিশ সুপারের বরাবর দুটি অভিযোগ করেছেন। অভিযোগটিতে রঙ্গ রুপ নারী উন্নয়ন সংস্থার মেলার আয়োজনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঐ ব্যবসায়ী।
সৈয়দ রহমান বলেন,আমার বৈধ প্রতিষ্ঠান এস আর টি সি এল এর লাইসেন্সের মাধ্যমে ফেনী পুলিশ নারী কল্যান সমিতি সাথে আমার প্রতিষ্ঠানের সাথে প্রথমে ২৫ লাখ পরে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুনের অনুরোধে আরো ৫ লাখ টাকা পুনাকে তহবিলে জমার চুক্তিতে ১৪ /১২/২১ ইং থেকে পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাৎ করি আমরা ১২ জন লোক ফেনীতে অবস্থান করি৷
১৭ ডিসেম্বর ২১ ইং তারিখ শুক্রবার ফেনী পুলিশ লাইন মসজিদে মাগরিবের নামাজের পর পুনাক মেলা আয়োজনের বিষয়ে পুলিশ লাইন মসজিদে মিলাদের আয়োজন করি। উক্ত মিলাদ মাহফিলে পুলিশ লাইনের ইমাম সাহেব ও অন্যান্য মুসলি উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত থাকার কথা থাকলেও উনারা কেউই মিলাদে অংশগ্রহণ করেননি উক্ত মিলাদে পুলিশ লাইনের এস আই সোহেল ও কয়েকজন কন্সটেবল উপস্থিত ছিলেন।
এছাড়া ফেনী পুনাক মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্ব নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সাথে আমাদের ২ বছর যাবত যোগাযোগ ছিল। হঠাৎ করে ১৯/১২/২০২১ তারিখে আমাদেরকে নির্মান কাজ বন্ধ করার জন্য নির্দেশ না দিয়ে রাখি মনি সিনহাকে নির্মাণ কাজ করার অনুমতি প্রদান করেন। এতে আমাদের মানসিক, আর্থিক ক্ষতি হয় এবং সম্মানহানি ও ঘটে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
মুলত আমাকে বাদ দিয়ে রঙ্গ রুপ নারী উন্নয়ন সংস্থাকে ৫০ লাখ টাকার বিনিময়ে মেলার অনুমতি দেন পুনাক। তাহলে আমাকে কেন দু’বছর যাবত ঘুরালো জেলা পুলিশ প্রশাসন।
রঙ্গ রপ নারী উন্নয়ন সংস্থার কোন বৈধ লাইসেন্স নেই তারা বাংলাদেশ ট্রেড ফেয়ার এসোসিয়েশনের কোন সদস্য নয়, বৈধ কাগজের কারনে হতেও পারেনি।তারপরও পুলিশ প্রশাসন কোন কিছু যাচাই না করে কিভাবে আমার মত একজন বৈধ ব্যবসায়ীকে বাদ দিয়েছে সেটাই রহস্য।
বিষয়টি নিয়ে রঙ্গ রুপ নারী উন্নয়ন সংস্থার কনর্ধার রাখি মনিকে তার মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমি শুধু ইভেন্টর দায়িত্ব পেয়েছি,আমি কামলা, ৫০ লাখ টাকা পুনাক তহবিলের দেওয়া ও বৈধতার কাগজের ব্যাপারে তিনি কোন কথা না বলে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার কথা বলে কল কেটে দেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, মেলা বন্ধের কোন আদেশ আমাদের কাছে আসেনি, তাই স্বাস্থ্য বিধি মেনে নিয়ম মাফিক চলবে মেলা, বাকি সিদ্ধান্ত উচ্চপদস্থ কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।
এ বিষয়ে ফেনী অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, সৈয়দ রহমান, রাখি মনি সিনহাসহ অনেকে চেষ্টা করেছেন, আমরা সার্বিক বিবেচনা করে নারী উন্নয়ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সৈয়দ রহমানের আইজিপি বরাবরে অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে ফেনী পুলিশ সুপারকে একাধিকবার তার মুঠোফোন (অফিস মোবাইল) কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিন কলটি রিসিভ করেননি।



















