শ্রেণিকক্ষে ছুরিকাঘাত: নবীনগরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৫ জুন) বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী জিদান সরকার (১২) উপজেলার ইব্রাহিমপুর সরকারবাড়ি এলাকার প্রবাসী উজ্জ্বল সরকারের ছেলে এবং বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় জিদান সরকার ছুরিকাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয় জনতা একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির চার শিক্ষার্থী— মো. সাব্বির হোসেন (১৩), আরাফাত হোসেন (১৩), রামিম (১৩) ও জিহাদ (১৩)-কে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত জিদানের মা আয়েশা বেগম বলেন, “স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিদ্যালয়ের ভেতরে শিক্ষার্থীর ওপর এমন হামলার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।













