যুবদল নেতার ছত্রছায়ায়
সাবেক আওয়ামী লীগ নেতার খাস জমি দখল বানিজ্য
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট সংলগ্ন সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় এক সাবেক নেতার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, যুবদল নেতার ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করেছেন এবং মাসিক ভাড়ার মাধ্যমে লক্ষাধিক টাকার বানিজ্য চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী মো. মুসলিম খাঁন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগে জানান, বিনয়ঘর মৌজার সরকারি খাস জমি (জে.এল নং-৪৫৯, খতিয়ান নং-৯১৩, সাবেক দাগ নং-৮০, হাল দাগ নং-২০০) দখল করে সাবেক আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম সেখানে দোকানঘর নির্মাণ করেছেন। অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি তিনি সরকারি রাস্তার ১৬ শতক ও ব্যক্তিমালিকানাধীন ১০ শতকসহ মোট ২৬ শতক জমি জোরপূর্বক দখল করে নতুন দোকান নির্মাণ করছেন, যা বাজারের পরিবেশ নষ্ট করছে এবং পাশের মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
মো. মুসলিম খাঁনের ভাষায়, “আবুল কালাম কোনো বৈধ মালিকানা ছাড়াই খাস জমি দখল করে রেখেছেন। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বাজারের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যুবদল নেতা কামাল হোসেনের ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।”
অভিযুক্ত আবুল কালাম দাবি করেন, “আমি খাস জমি দখল করিনি, আমার ক্রয়কৃত জমিতে ঘর তুলেছি। তবে রাস্তার কিছু অংশ দখলে আছে, সরকার চাইলে ছেড়ে দেবো।”
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন বলেন, “সরকারি জমি দখল সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, “সরকারি খাস জমি কেউ দখল করে রাখার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।”

























