হোমনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার ৭ পুরস্কার অর্জন
কুমিল্লার হোমনায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাতটি পুরস্কার অর্জন করেছে হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা। বিভিন্ন ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে এ সাফল্য অর্জন করে তারা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, আজান, ইসলামী সংগীত ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে শিশু-কিশোরেরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের মুহতামীম মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আত তাহেরীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাতটি পুরস্কার অর্জন করে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইসলামী সংগীতের ‘ক’ গ্রুপে মো. ইব্রাহিম খলিল প্রথম স্থান অর্জন করে। উপস্থিত বক্তৃতার ‘খ’ গ্রুপে মো. আফরাহীম প্রথম স্থান অর্জন করে। কোরআন তেলাওয়াতের ‘ক’ গ্রুপে মো. আতাউল্লাহ বুখারী দ্বিতীয় স্থান এবং ‘খ’ গ্রুপে মো. হাফিজুর ইসলাম প্রথম স্থান অর্জন করে।
এ ছাড়া আজানের ‘খ’ গ্রুপে মো. আফরাহীম প্রথম স্থান, ‘ক’ গ্রুপে মো. আতাউল্লাহ বুখারী দ্বিতীয় স্থান এবং ‘খ’ গ্রুপে মো. জাহিদ হাসান দ্বিতীয় স্থান অর্জন করে।
মাদ্রাসার সভাপতি জনাব মুহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি হাজী মুহাম্মদ নূরুল ইসলামসহ পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

















