হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন নানা দিকনির্দেশনা
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রোজী আক্তার। সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নিরাপদ পানির ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) সম্ভাবনা কাজে লাগানোসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষক মো. আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক।
জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আইসিটি ও রোবোটিকস ল্যাব, কারিগরি ল্যাব, লাইব্রেরি, স্কাউট কক্ষ ও শিক্ষক মিলনায়তনসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। পাশাপাশি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, আইসিটির ইতিবাচক ব্যবহার এবং প্রযুক্তির বহুমুখী সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি পরিদর্শনসূচি অনুযায়ী, সোমবার জেলা প্রশাসকের হোমনা উপজেলা সফরের কর্মসূচি নির্ধারিত ছিল। সফরসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

















