কুমিল্লায় শশুর বাড়ি থেকে ডেকে এনে জামাইকে হত্যা
কুমিল্লা নগীরতে শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী আবদুল কুদ্দুস জেলার সদর উপজেলার সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশা চালক। নিহত কুদ্দুসের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
হত্যার ঘটনা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, নিশ্চিন্তপর গ্রামের আবদুস সালামের তিন ছেলের মধ্যে আবদুল কুদ্দুস মেঝো ছেলে। গতকাল সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিন চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলো।
সন্ধার দিকে শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। এসময় কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করছিলো। হঠাৎ করে সোহাগ টাকা চায় কুদ্দুসের কাছে। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। টাকার পরিমান পছন্দ না হওয়ায় তার সাথে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় স্থানীয়রা আহত কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষনা করে।
















