আওয়ামী লীগের নেতাদের কথাবার্তায় সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের নেতাদের লাগামহীন কথাবার্তা বন্ধ করার জন্য কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। আজ রুপপুর পারমাণবিক প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হন। আগামী ৭ অক্টোবর তিনি বিমানের থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন। আর এরকম কর্মব্যস্ততার মধ্যে দলের ভেতর যেন কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, অযাচিত কোনো বক্তব্য যেন আওয়ামী লীগকে বিব্রত না করে সেই জন্য কঠোর বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের একাধিক নেতাকে বলে দিয়েছেন কথাবার্তায় সতর্কতা অবলম্বন করতে হবে। যা খুশি তাই বলা যাবে না।
কথাবার্তা বলার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে:
১। বিএনপি জামাতের অপকর্ম এবং তাদের জ্বালাও পরার সন্ত্রাসের কথা বলতে হবে।
২। বিএনপি ক্ষমতায় থাকার সময় হাওয়া ভবনের দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতার বিষয়টি বলতে হবে।
৩। লন্ডনে বসে তারেক জিয়া এখন যে অপকর্ম করছে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তার মুখোশ উন্মোচন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে কোনো বক্তব্য রাখা যাবে না। অযাচিতভাবে বিতর্কিত বক্তব্য রেখে দলকে এবং সরকারকে বিব্রত করা যাবে না।
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। শুধু ওবায়দুল কাদের নয় গত কিছুদিন ধরে আওয়ামী লীগের নেতারা যে যার মত করে বক্তব্য রাখছেন। কেউ বলছেন, আমেরিকার সঙ্গে ফয়সালা হয়ে গেছে। কেউ বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না। কেউ আবার পিটার হাস বা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিদের নাম ধরে তাদের সমালোচনা করছেন। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলছেন। এ ধরনের লাগামহীন কথাবার্তা আওয়ামী লীগের জন্য কেবল উদ্বেগজনকই নয় বরং সরকারের জন্য বিব্রতকর। কারণ এর ফলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং কৌশল হুমকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর এই কারণেই কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার।
উল্লেখ্য যে, গত পাঁচ বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং মন্ত্রী লাগামহীন কথাবার্তার নতুন রেকর্ড তৈরি করেছেন। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী এমন সব কথাবার্তা বলেন, যে সমস্ত কথাবার্তা দলের নেতা কর্মীদের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আর এই কারণেই দলের শেষ সময়ে এসে এই ধরনের কথাবার্তাগুলো দলের জন্য নতুন সংকেত তৈরি করেছে। এ ধরনের বিষয়ে কথাবার্তা বলা এবং রাজনীতিতে এই ধরনের বক্তব্য দেওয়ার উচিত নয়।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন যে, প্রধানমন্ত্রী বলেছেন বলতে হবে যে, সংবিধান অনুযায়ী ভোট হবে, ভোটে জনগণ যাকে নির্বাচিত করবে, তারাই ক্ষমতায় আসবেন। আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় আসবো। আমাদেরকে ভোট না দিলে আমরা ক্ষমতায় থাকবো না। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক না কেন তাকেই আওয়ামী লীগ স্বাগত জানাবে।
পাশাপাশি আওয়ামী লীগ এটিও মনে করে যে, আওয়ামী লীগের আমলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। বিএনপির সমালোচনা, আওয়ামী লীগের উন্নয়ন এবং বিএনপির ষড়যন্ত্র এই তিন বিষয়টি তুলে ধরাই সরকারের মূল কৌশল হওয়া উচিত এবং সেই লক্ষ্য নিয়েই সকলকে বক্তব্য রাখতে বলা হয়েছে।
আন্তর্জাতিক নীতি, কৌশল, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সম্পর্ক ইত্যাদি নিয়ে আপাতত কোনো কথাবার্তা যেন কোনো নেতা না বলেন সে ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















