আইজিপি কাছ থেকে কুমিল্লা জেলা পুলিশের ৪০টি পুরষ্কার অর্জন
গত আগষ্ট এবং সেপ্টেম্বর মাসে দেশব্যাপী পুলিশের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য পর্যালোচনা পূর্বক সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে পুরষ্কার প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশ গত দুই মাসের সার্বিক কার্যক্রম বিবেচনায় জেলা পর্যায়ে সর্বাধিক ৪০টি পুরষ্কার অর্জন করে।
শনিবার (৭ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে মাসিক অপরাধ নিয়ন্ত্রণ ও পর্যালোচনা সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)’র পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এই পুরষ্কার তুলে দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
জানা যায়, চলতি বছরের ১লা আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাদক দ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার, চোরাই মোটর সাইকেল ও অটোরিকশা উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, সিএনজি চোরচক্র আটক, আন্তজেলা গরু চোর চক্র আটক, ছিনতাইকারী আটকসহ অন্যান্য বিষয়ে দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ। এর মধ্যে কোতয়ালি মডেল থানা ১১টি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ০৭ টি, চৌদ্দগ্রাম থানা ০৬ টি, বরুড়া থানা ০৪ টি, নাঙ্গলকোট থানা ০২ টি, বুড়িচং থানা ০২ টি, দেবিদ্বার থানা ০২ টি, চান্দিনা থানা ০২টি, এবং সদর দক্ষিণ মডেল থানা, মনোহরগঞ্জ থানা, মুরাদনগর থানা, লাকসাম থানা একটি করে পুরষ্কার অর্জন করে।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার প্রদান করায় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কর্মক্ষেত্রে এই স্বীকৃতি ও পুরষ্কার দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরো উৎসাহিত করবে।

















