সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ঘুসের মহাযজ্ঞ : সাবরেজিস্ট্রারের ২৫ কোটি টাকা গ্রহণের অভিযোগ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪, ৬:৫৮ পিএম
কুমিল্লায় ঘুসের মহাযজ্ঞ : সাবরেজিস্ট্রারের ২৫ কোটি টাকা গ্রহণের অভিযোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার আদর্শ সদর সাবরেজিস্ট্রি অফিসে দুই বছরে ২৫ কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে। এই অফিসটি নগরীর ফৌজদারি এলাকায় অবস্থিত এবং এর কর্ম এলাকা গোটা নগর এবং শহরতলি জুড়ে। প্রতিদিন এখানে কোটি টাকা থেকে শতকোটি টাকার দলিল সম্পাদন হয়ে থাকে। সেবাগ্রহীতাদের অভিযোগ, দলিল সম্পাদন, নকল (সার্টিফায়েড) কপি, টিপসইসহ নানা খাতে প্রতি মাসে সাবরেজিস্ট্রারকে কমপক্ষে এক কোটি টাকা ঘুস দিতে হয়। এরপরও পদে পদে হয়রানির শিকার হতে হয়।

গত ২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে এ কার্যালয়ের সাবরেজিস্ট্রার মো. হানিফ প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিজস্ব অনুসন্ধান, সেবাগ্রহীতা, অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক, দালাল সবার সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। সম্প্রতি চারদিকে দুর্নীতিবিরোধী খবর এবং উত্তপ্ত পরিস্থিতি দেখে নিজের এসব অপকর্ম ঢাকতে আখের গোছানোর চেষ্টা করছেন ওই সাবরেজিস্ট্রার। এ অফিস থেকে তিনি দ্রুত বদলি হওয়ার জন্য দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশাল কর্মযজ্ঞ চলছে কুমিল্লার আদর্শ সদর সাবরেজিস্ট্রি অফিসে। ৭০ জন নকলনবিশ কাজ করছেন অবিরাম। অফিস সহকারী, অফিস সহায়ক, টিসি মোহরার ও মোহরারসহ ডজনখানেক কর্মচারী এবং পিয়ন রয়েছেন। দালাল সিন্ডিকেটের সদস্যরা মহা ব্যস্ত। শতাধিক দলিল লেখক এবং তাদের পাঁচ শতাধিক সহকারী আরও বেশি ব্যস্ত। এ কার্যালয়ে ২০২২ সালের শুরুতে যোগদান করেন সাবরেজিস্ট্রার মো. হানিফ। যোগদানের পরপরই উত্তরসূরির পদাঙ্ক অনুসরণ করে তিনিও ঘুসের পাইপলাইনে যুক্ত হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, এখানে ছোটখাটো দলিলের সব কাগজপত্র ঠিক থাকলেও সাবরেজিস্ট্রারকে প্রতি দলিলে সেরেস্তার নামে ৩ হাজার টাকা, দলিলের টিপসই বাবদ ৫শ থেকে ১ হাজার টাকা ও প্রতিটি দলিলের নকল কপিতে স্বাক্ষর করতে দিতে হয় অতিরিক্ত এক হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন কাগজের প্রকারভেদ এবং দলিলের মূল্যের ওপর সাবরেজিস্ট্রারকে দিতে হয় ১০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। এই উপজেলা এবং নগরীর প্রতিটি জায়গা মূল্যবান হওয়ায় পান থেকে চুন খসলেই লাখ টাকা ঘুস দিয়েও সাবরেজিস্ট্রারের মন জয় করতে কষ্ট হয়। অ্যাপার্টমেন্ট কিংবা দলিলের মূল্য কোটি টাকা ছাড়ালেই শুরু হয় ঘুসের দরকষাকষি।

সূত্র জানায়, সাবরেজিস্ট্রার এসব ঘুষের টাকা নিজের হাতে নেন না। সেরেস্তার টাকাটা নেওয়া হয় মোক্তারদের মাধ্যমে। নকল স্বাক্ষরের টাকা নকলনবিশদের মাধ্যমে আর টিপসইয়ের টাকা নেওয়া হয় পিয়নের মাধ্যমে। উচ্চমূল্যের দলিল এবং ছোটখাটো ত্রুটিযুক্ত দলিলের ক্ষেত্রে কন্ট্রাক্ট করার জন্য রয়েছে দালাল সিন্ডিকেট। অফিস সহকারী এবং পিয়নদের মাধ্যমে কন্ট্রাক্ট হওয়ার সিগন্যাল পেলেই দলিলে স্বাক্ষর করে দেন সাবরেজিস্ট্রার।

এই সাবরেজিস্ট্রি অফিসে প্রতি মাসে গড়ে দলিল রেজিস্ট্রি হয় প্রায় ১ হাজার। দলিলের নকলের চাহিদা বেশি থাকায় স্বাক্ষর হয় প্রায় ১ হাজারের অধিক। হিসাব করে দেখা যায়, এসব রেজিস্ট্রিকৃত দলিল থেকে সেরেস্তা, নকল, টিপসই ও বিভিন্ন অজুহাতে প্রতি মাসে সর্বনিম্ন ১ কোটি টাকা ঘুস নিচ্ছেন সাবরেজিস্ট্রার মো. হানিফ। যার পুরো টাকাটাই আদায় করা হয় সরকার নির্ধারিত দলিল ফির বাইরে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ডেভেলপার কোম্পানির প্রতিনিধি জানান, সব কাগজপত্র ঠিক থাকার পরেও প্রতিটি ফ্ল্যাট দলিল করতে সরকার নির্ধারিত ফির বাইরে নানা অজুহাতে ৫-১০ হাজার টাকা ঘুস দিতে হয়। আর জমি রেজিস্ট্রি হলে কোনো কথাই নেই। অনেক খুঁটিনাটি দেনদরবার করতে হয় রেজিস্ট্রি করতে। কারণ কুমিল্লা শহরের জমি অত্যন্ত মূল্যবান। নগরীতে ১ থেকে ২০ কোটি টাকা শতাংশ পর্যন্ত জমির মূল্য রয়েছে।

বেশ কয়েকজন সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, এখানে দলিল লেখকরা সাবরেজিস্ট্রার এবং অফিস খরচের নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তবে মুখ খুললে মূল্যবান জমি এবং ফ্ল্যাট নিয়ে সমস্যা হতে পারে-এমন আশঙ্কায় কথা বলছেন না সেবাপ্রত্যাশীরা। এ বিষয়ে সাবরেজিস্ট্রার মো. হানিফ বলেন, এখানে অতিরিক্ত কাজের চাপ। আমি যোগদান করেছি ২ বছরের বেশি হয়ে গেছে। এখন বদলি হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকার নির্ধারিত ফির বাইরে আমরা কোনো টাকা-পয়সা নেই না। দলিল লেখক এবং দালাল সিন্ডিকেট সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয় বলে শুনেছি। কিন্তু এর দায় আমার না। আমার কাছে কেউ অভিযোগ করলে আমি ব্যবস্থা নিতাম। তিনি আরও বলেন, যতদিন দলিল সাবমিট প্রসেস ডিজিটালাইজড না হবে ততদিন পর্যন্ত গ্রাহকদের নানাভাবে হয়রানির শিকার এবং অতিরিক্ত অর্থ খরচ করতে হবে।

সূত্র: যুগান্তর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar