বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সীমান্তে চোরাচালান : দুই দেশের নাগরিকত্ব নিয়ে অবৈধ ব্যবসা

মোহাম্মদ কাজী নুর আলম : প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ পিএম
সীমান্তে চোরাচালান : দুই দেশের নাগরিকত্ব নিয়ে অবৈধ ব্যবসা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা জেলার ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১০৬ কিলোমিটার। এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মানব পাচার ও অন্যান্য অপরাধের জন্য একটি হটস্পট হিসেবে পরিচিত। শশীদল, তেতাভূমি, চরানল, খারেরা, সংকুচাইল, মাধবপুর, বড়জালা, নিশ্চিন্তপুর, গোলাবাড়ি, বিবির বাজার ও শাহপুর এলাকায় দুই দেশের বাড়ির সংখ্যা বেশি। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, অধিকাংশ বাংলাদেশি পাচারকারীর বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত ক্রস করার সুযোগ না থাকায়, এসব পাচারকারীরা সু-কৌশলে নিরাপদ স্থান বেছে নিয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা যায়, বিজিবি ও বিএসএফ সীমান্তবর্তী এলাকার এসব বাড়ি ভেঙে দিলে অপরাধের মাত্রা কমে যেতো।

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানব পাচার একটি গুরুতর সমস্যা। পাচারকারীরা সাধারণত নিরপেক্ষ এলাকায় আশ্রয় নেয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধরতে পারে না। এই অপরাধীরা সীমান্তের নিকটবর্তী বাড়িগুলোকে তাদের কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করে।
নিরপেক্ষ এলাকায় আশ্রয় নেওয়া পাচারকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায়ই সমস্যার সম্মুখীন হন। এই এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে, কারণ এটি আন্তর্জাতিক সীমান্তের অংশ এবং এখানে কোনো দেশের আইন প্রযোজ্য নয়।

সুশীল সমাজের প্রতিনিধিরা সীমান্তের এসব বাড়ির দ্বৈত নাগরিকত্ব বাতিল করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই বাড়িগুলো পাচারকারীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হওয়ায় এবং অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার কারণে এদের নাগরিকত্ব বাতিল করা উচিত।

ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়ক “৩২ সিন্ডিকেট” নামে একটি সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের প্রধান যুবলীগ নেতা নাসির (২৮), কুমিল্লা বুড়িচং উপজেলার সংকুচাইল বিওপি ভবেরমুড়া দুধপুকুর এলাকার বারেক মিয়ার ছেলে। এছাড়া একই গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র নাছির (৪২), ঘিলাতলি বাজার দীঘিরপাড়ের মৃত মফিজ মিয়ার পুত্র মামুন (৩৯), আদর্শ সদরের বিষ্ণুপুরের কামাল (৪৫), দক্ষিণ বাগবের গ্রামের আকতার ও দেলু গং বিশাল ও-ই সিন্ডিকেট সীমান্ত নিয়ন্ত্রণ করছে। তারা ভারত ও বাংলাদেশের মাঝামাঝি নিরপেক্ষ এলাকায় থেকে অস্ত্র, মাদক, মোবাইল চোরাচালানে জড়িত।

সুশীল সমাজের নেতারা প্রস্তাব করেছেন যে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সহযোগিতায় পাচারকারীদের ধরার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই সমস্যার সমাধানে সরকার ও সুশীল সমাজের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যার সমাধান সম্ভব।

এই বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জাব্বার সাংবাদিকদের জানান, সীমান্তে বিজিবি টহল বাড়ানো হয়েছে। মানব পাচার, মাদকসহ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সচেষ্ট। এই চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৬ এএম
হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

Oplus_131072

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার পদায়ন নিশ্চিত করা হয়।

 

তবে বুধবার (৬ মে) নিহত যুবদল নেতা মিজানুর রহমানের পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে মাহবুব আলমের পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মাহবুব আলম দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা এবং নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কর্মকাণ্ড সামনে আসে। ওই বছরের সেপ্টেম্বরে শিবগঞ্জ থানায় যুবদল নেতা মিজান হত্যার ঘটনায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল হক। মামলার এজাহারে মাহবুব আলমকে ১০ নম্বর আসামি করা হয়।

 

এজাহারে বলা হয়, ২০১৬ সালে ছাত্রদল নেতা সেতাউর রহমানকে আটক করতে গিয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নেয়। পরে তাকে নিখোঁজ দেখানো হয়। পরিবারের অভিযোগ, মুক্তির জন্য পুলিশ বিপুল অঙ্কের টাকা দাবি করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৭ সালের এপ্রিল মাসে কথিত বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। আরেক ভাই রেজাউল করিমের সন্ধান আজও মেলেনি।

 

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে নিখোঁজ রেজাউলের সন্ধান দাবি করে। একইসঙ্গে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি তদন্ত শুরু করেন।

 

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ জানান, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এবং যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ৭ টুকরো করে হত্যা করার হুমকি প্রদান করে ডাকযোগে কাপনের কাপড়ের পার্সেল পাঠিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। আবদুর রহমান উপজেলার পৌরসভাধিন ৭নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

সাধারণ ডায়েরিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন সাধারণ কৃষক। তার ২ ছেলে প্রবাসে থাকে। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর নিজ গ্রামে বসবাস করেন। গত ৫ মে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সদরের ডাকঘরের পিয়ন তার নামে আসা একটি খাকি খাম এবং একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়। এতে প্রেরকের নাম উল্লেখ করা হয় জুলাস ব্যাপারী, গ্রাম : রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা। খামের ভিতরে থাকা একটি সাদা কাগজে “তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাইছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরা হবি এবং স্টার চিহেৃ আরবী কিছু লেখা রয়েছে’’ জিডিতে তিনি আরও উল্লেখ করেন, পার্সেলের প্যাকেটের ভিতরে কাপনের সাদা কাপড় রক্ষিত ছিলো। আমি খামে প্রদত্ত প্রেরকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করিলে কোন ব্যক্তি ফোন রিসিভ করে নাই। অজ্ঞাতনামা কে বা কাহারা কোন কারণে আমার নামে ডাকের মাধ্যমে হুমকিস্বরূপ হাতের লেখা চিঠি ও কাপনের কাপড় পাঠিয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

এই বিষয়ে ভুক্তভোগি কৃষক আবদুর রহমান বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি একজন কৃষক। তবে আজ থেকে দেড় বছর আগে সৌদি প্রবাসী ভাগিনার স্ত্রী সালমা বেগম অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। সালমার বাবার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে। এ ঘটনায় আমার বোন ফাতেমা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আমি উক্ত মামলার স্বাক্ষী হিসেবে রয়েছি। যেহেতু হত্যার হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ করা হয়েছে, ধারণা করতেছি তারাই আমাকে হত্যার হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছে। আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুর রহমান নামে এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাপনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar