রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা জেলা পুলিশের সাবেক রিজার্ভ অফিসারের দুর্নীতি ও অনিয়ম : শতকোটি টাকার সম্পদের মালিক এসআই জয়নাল

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭:৩৫ পিএম
কুমিল্লা জেলা পুলিশের সাবেক রিজার্ভ অফিসারের দুর্নীতি ও অনিয়ম : শতকোটি টাকার সম্পদের মালিক এসআই জয়নাল
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা জেলা পুলিশের সাবেক রিজার্ভ অফিসার (আরও-১) এসআই জয়নাল আবেদীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পুরো জেলার পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল পদে বদলির প্রস্তাব তৈরি ও তদারকি করেন আরও-১। এ পদে বসে কুমিল্লা, ঢাকা ও নোয়াখালীতে স্ত্রী, শ্বশুর, স্বজন ও নিজ নামে বিপুল সম্পদ গড়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিওন জাহাঙ্গীর আলমের ‘ভাতিজা’ পরিচয়ে দাপিয়ে বেড়াতেন তিনি। পুলিশের সাব-ইনস্পেকটর হলেও জেলার এসপি পর্যন্ত তাকে সমীহ করে চলতেন। নিয়োগ, বদলি ও নানা তদবির বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ক্ষমতার দাপটে শুধু দুর্নীতি নয়, নারী পুলিশ সদস্যদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করতেন। বেশ কয়েকজন নারী কনস্টেবল তার হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করেও প্রতিকার পাননি কোনো ভিকটিম।
অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়ার বাসিন্দা পুলিশের সাব-ইনস্পেকটর জয়নাল আবেদীন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আস্তানা গাড়েন কুমিল্লা জেলা পুলিশে। জেলার একাধিক ইউনিটে চাকরি করার পর বিয়ে করেন নাঙ্গলকোট থানার ভুশ্চি এলাকায়। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর আলমের প্রভাবে জেলার গুরুত্বপূর্ণ আরও-১-এর পদ বাগিয়ে নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, আরও-১ পদে বসে জয়নাল এসআই, এএসআই ও কনস্টেবল পদে বদলি বাণিজ্যে জড়িয়ে পড়েন। গুরুত্বপূর্ণ থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র এবং বিভিন্ন ইউনিটে পোস্টিং বাণিজ্য করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। কোনো পুলিশ সদস্য কিংবা কর্মকর্তা তার চাহিদা অনুসারে ঘুস না দিলে পোস্টিং দেওয়া হতো পাহাড়ি অঞ্চলে। জেলার সব থানা ফাঁড়ি ও তদন্তকেন্দ্রে ক্যাশিয়ার ও মুনশিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করতেন। মাদকসহ বিভিন্ন মামলার তদবির করতেন।
ভুক্তভোগী এক সাব-ইনস্পেকটর বলেন, আরও-১ জয়নাল সকালে ভুয়া বদলির আদেশ দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে বিকালে তা প্রত্যাহার করে নিতেন। এসআই টিপু বিশ্বাস বলেন, আরও-১ জয়নাল আমাকে হয়রানি করে এক মাসে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসআই মোহাম্মদ সোহেল বলেন, আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে এক মাসের মধ্যে আবার আমাকে জেলা থেকে আউট করে দিয়েছেন।
কুমিল্লা পুলিশ অফিস সূত্র জানায়, এসআই জয়নাল ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫ বছর আরও-১ পদে বহাল ছিলেন। দায়িত্ব পালনকালে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাকে দফায় দফায় বদলির আদেশ করা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। তিনি মাঝেমধ্যে শেখ হাসিনার বিতর্কিত পিওন জাহাঙ্গীরকে প্রটোকল দিয়ে কুমিল্লায় এনে আতঙ্ক সৃষ্টি করতেন। ২০১৯ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং নারী কেলেঙ্কারির অভিযোগে পদাবনতি দেওয়া হয়। এসআই থেকে তিন বছরের জন্য এএসআই করা হয়। পরে পিওন জাহাঙ্গীরের প্রভাবে দেড় বছরের মধ্যে আবারও এসআই পদে বহাল করা হয়।
ওই বছরই রংপুরে পোস্টিং করা হয়। সেখানে থানা এবং ডিএসবি মিলিয়ে চার বছর দাপিয়ে বেড়ান। পরে ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে যোগদানের পরপরই নারী কেলেঙ্কারির অভিযোগে তাকে আবারও ক্লোজ করা হয়। তার অনৈতিক কর্মকাণ্ডের দুটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। প্রায় এক বছর জেলা পুলিশের কন্ট্রোল রুমে সংযুক্ত থাকার পর আবার প্রভাব খাটিয়ে আশুগঞ্জ থানায় পোস্টিং নেন। বর্তমানে ওই থানার সেকেন্ড অফিসার পদে দায়িত্বরত আছেন এসআই জয়নাল।
কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা ইফতেখার আহমেদ বলেন, এসআই জয়নালের বাগিচাগাঁও এলাকায় ২০ কোটি টাকা মূল্যের ৪ তলা একটি বাণিজ্যিক ভবন রয়েছে। বেক্সিমকো ফার্মার কাছে ভবনটি ভাড়া দেওয়া হয়েছে। নগরীর পৃথক এলাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। নাঙ্গলকোট উপজেলার ভুশ্চি এলাকার মোবারক হোসেন বলেন, চতুর জয়নাল শ্বশুরের নামে বিঘায় বিঘায় কৃষিজমি ক্রয় করেছেন। ২০-৩০ বিঘার নিচে হবে না। তার শ্বশুর একজন স্কুলশিক্ষক।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়নালের ব্যাচম্যাট একাধিক পুলিশ কর্মকর্তা জানান, নিজ এলাকা নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় বাড়ি, দামি জায়গা এবং বিঘায় বিঘায় কৃষিজমি ক্রয় করেছেন। ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট কিনেছেন। তাছাড়া নগদ অর্থ এবং সোনা-গহনা রয়েছে। তিনি কমপক্ষে শতকোটি টাকার মালিক। কুমিল্লা জেলার আরও-১ পদে বসে দুর্নীতি করে এসব সম্পদ অর্জন করেছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে এসআই জয়নাল আবেদীন বলেন, ষড়যন্ত্র করে নারী দিয়ে বারবার আমাকে ফাঁসানো হয়েছে। এসব ঘটনায় আমি বিভাগীয় পানিশমেন্ট ভোগ করেছি। কুমিল্লায় আমার একটি বাণিজ্যিক ভবন রয়েছে, এটি সত্য। তবে শতকোটি টাকার মালিক নই আমি। এটি যারা বলেছে, সঠিক বলেনি।

তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম
তিনতলা ভবন দখল করে বিএনপি অফিস!

Oplus_131072

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি তিনতলা আবাসিক ভবন দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী সানজিদা শেলী শাপলার দাবি, একদল লোক নিয়ে ভবনের তালা ভেঙে ও ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তার ছেলে আসিফ রেজা শুভ আহত হন এবং তার বাবা শাহাদুজ্জামান সাজুকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের ভবন থেকে বের করে দিয়ে সেটির দখল নেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় নেয়। পরে থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পে লিখিত অভিযোগও দিয়েছেন।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টিও সামনে এসেছে। শাপলার দাবি, ২০১৪ সালে তিনি ও তার স্বামী আশরাফুল ইসলাম স্থানীয় খলিলুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন এবং তিনি তার অংশে তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছিলেন। পরে তার স্বামী নিজের মালিকানাধীন অংশ অ্যাডভোকেট জিল্লুর রহমানের নামে দলিল করেন। এর কিছুদিন পর পুরো ভবনটি দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড টাঙানো হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমান বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে স্কয়ার ফুট হিসেবে ভবনের অংশ ক্রয় করেছেন এবং সেটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে শাপলার স্বামী আশরাফুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে নেশা বা অনলাইনে জুয়া খেলার অভিযোগও তিনি অস্বীকার করেন এবং স্ত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী বলেন, তিনি শুনেছেন জিল্লুর রহমান ভবনটি কিনেছেন। সেখানে কেন বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫০ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ৫

কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রয়ের সঙ্গে জড়িত দুইজনসহ বিভিন্ন মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ প্যাকেট স্টিকারযুক্ত নকল STAR ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০টি করে শলাকা থাকায় উদ্ধারকৃত সিগারেটের মোট সংখ্যা ২৬ হাজার শলাকা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় নকল সিগারেট বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— দেবিদ্বার উপজেলার ধামতী পশ্চিমপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে হোসেন (৪০) এবং একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৫২)।

পরে থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা পশ্চিমপাড়া এলাকার মাহফুজ মিয়ার ছেলে নুর মোহাম্মদ ওরফে আকাশকে (২৫) আটক করা হয়।

এছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চান্দিনা উপজেলার এতবারপুর উত্তরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে হুমায়ূন আহমেদকে (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি শব্দলপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে সুজনকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদক, চোরাচালান, নকল পণ্য বিক্রয় এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।”

দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম
দেশ ও জনকল্যাণে কাজ করুন: চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ডা ডা. তাহের এমপি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পরিচয় দিতে হবে। সাহসিকতার সাথে আমানতদারীরা, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক দায়িত্বশীল।

×
Skip to toolbar