বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মুক্তি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:২৩ এএম
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মুক্তি নিয়ে তোলপাড়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলার আবদুল্লাহিল আল আমিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কারা অধিদফতরে তোলপাড় চলছে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন জেলার আল আমিন।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি করার কথা থাকলেও সেটি হয়নি। গত ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশ উপেক্ষা করে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। একাধিক সূত্রের দাবি, ওই দুই আসামিকে অবমুক্ত করার নেপথ্যে বড় ধরনের লেনদেন হয়ে থাকতে পারে। দুই আসামিকে আবারও গ্রেফতার করতে লক্ষ্মীপুর আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। আলোচিত আসামিরা হলো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মনা ব্যাপারীর ছেলে সানাউল্লাহ এবং নোয়াখালীর সুধারাম উপজেলার আবদুল গনির ছেলে রহিম মিয়া।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সানাউল্লাহ, আবদুর রহিম, মো. হারুন, আবুল কাশেম ওরফে কাশেম মাঝিসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় ২০১৭ সালের ২৯ মার্চ লক্ষ্মীপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতে ওই চার আসামির ফাঁসির আদেশ হয়। সব আইনের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের রায় কার্যকরের জন্য সানাউল্লাহ (কয়েদি নং-৮৫৯০) এবং আবদুর রহিমকে (কয়েদি নং- ৮৫৯১) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। তাদের মধ্যে সানাউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু গ্রামের মনা বেপারীর ছেলে এবং আবদুর রহিম নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্ডারচর গ্রামের আবদুল গনির ছেলে। আর বাকি দুই আসামি মো. হারুন (কয়েদি নং- ৮৫৯২) ও আবুল কাশেম ওরফে কাশেম মাঝিকে (কয়েদি নং-৮৫৯৩) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে জেল আপিলে আসামি পক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করে।
এতে আদালত চার আসামিকে খালাস দেন। তাদের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেলাল আহমেদও উচ্চ আদালতে আপিল করেন। আদালত ওই আসামিদের মুক্তির আদেশের বিরুদ্ধে ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন।
সূত্র জানায়, এ আদেশের কপি উচ্চ আদালত থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ও দণ্ডাদেশ দেওয়া লক্ষ্মীপুরের ওই আদালতেও পাঠানো হয়। এদিকে লক্ষ্মীপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চলতি বছরের গত ৬ নভেম্বর আসামিদের খালাসের আদেশ দেন। কিন্তু এ সময় উচ্চ আদালতের ৮ সপ্তাহের স্থগিতাদেশ ছিল।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র জানায়, উচ্চ আদালতের আদেশের ৬ দিন পর গত ১২ নভেম্বর কারা কর্তৃপক্ষ তাদের মুক্তির ব্যাপারে আদালতের চূড়ান্ত খালাস আদেশটি পান। ওইদিন কারাগারের ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম লক্ষ্মীপুরের সংশ্লিষ্ট কোর্টের ব্যাঞ্চ সহকারী জহুরুল আলমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আসামিদের মুক্তির আদেশের বিষয়টি নিশ্চিত হন। এমতাবস্থায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের স্থিতাবস্থা চলমান থাকা অবস্থায় ওইদিনই (১২ নভেম্বর) আসামি সানাউল্লাহ ও আবদুর রহিমকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়েই আসামিরা আত্মগোপনে চলে যায়। তবে উচ্চ আদালতের স্থিতাবস্থা চিঠি কেন আমলে নেওয়া হয়নি এর উত্তর মিলেনি কারও কাছ থেকে।
লক্ষ্মীপুর আদালতের বেঞ্চ সহকারী জহুরুল আলমের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যা জানার কুমিল্লার কারাগার থেকে জানেন। এ বিষয় বিস্তারিত কিছু বলতে পারব না। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আবদুল্লাহিল আল-আমিন বলেন, লক্ষ্মীপুরের আদালতের নির্দেশে দুই আসামিকে মুক্তি দেওয়া হয়। তারা ওই আদালত থেকে খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশের বিষয়টি আমার ‘নলেজে’ ছিল না। লেনদেনের অভিযোগ একেবারে মিথ্যা।
চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান বলেন, ‘বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত আছেন। এ বিষয়ে কার ভুল ছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু আদালত আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাই আত্মগোপনে যাওয়া দুই আসামিকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

×
Skip to toolbar