দাউদকান্দিতে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দি থানার টামটা গ্রামের সাদ্দাম (৩৩) নামে একাধিক চুরি ও ডাকাতির মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামের পিতা রফিকুল ইসলাম ও মাতা আয়েশা বেগম।
ঘটনার বিবরণ অনুযায়ী, মামলার বাদী একজন ব্যবসায়ী, যার হোমনা থানাধীন ৭নং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর জুলু ভুইয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি অটো পার্টসের দোকান রয়েছে। প্রতিদিনের মতো গত ৯ ডিসেম্বর রাত ১০টায় দোকান বন্ধ করে বাদী দোকানের পাশের কক্ষে ঘুমাতে যান।
১০ ডিসেম্বর রাত ৩টার দিকে বাদী গাড়ির শব্দ শুনে বাইরে এসে দেখেন, সাদ্দাম ও অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী একটি পিকআপ গাড়ি নিয়ে দোকানের সাটারের তালা কেটে অটো পার্টসের মালামাল লোড করছে। বাদী শোর-চিৎকার করলে অজ্ঞাতনামা বিবাদীরা দোকানের ভিতরে থাকা নগদ ১,৩০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে এবং হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সাদ্দামকে গ্রেফতার করা হয় এবং একটি হলুদ ও আকাশী নীল রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়। বাদীর এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।













