কুমিল্লায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিনজন আটক
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়াও, ২ মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ১৮ ডিসেম্বর ভোর ৫টা থেকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ, কাস্টমস ও জেলা প্রশাসনের সদস্যগণ অংশগ্রহণ করেন।
অভিযানে, কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বাড়ি ও আখড়ায় একযোগে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে ১০০ পুড়িয়া গাঁজাসহ ধর্মপুর শাহআলম মেম্বার বাড়ির মৃত মনজিল মিয়ার স্ত্রী, মাদক ব্যবসায়ী শাফিয়া আক্তার (৫৭) কে হাতেনাতে আটক করা হয়।
এছাড়াও, ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে একই এলাকার আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৪২) ও হারুন মিয়ার ছেলে আমান হোসেন (৪০) কে আটক করা হয়। নিজেদের দোষ স্বীকার করার পর মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাদাৎ হোসেন আটককৃত জাকির হোসেনকে ৩ মাস এবং আমান হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গাঁজাসহ আটক শাফিয়া আক্তারের বিরুদ্ধে ডিএনসির উপপরিদর্শক মো: মুরাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











