চৌদ্দগ্রামে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা, হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী
কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই বলে জানা গেছে। স্থানীয় বিরোধের জেরে কতিপয় যুবক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করে।
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুছ অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলা রয়েছে। চৌদ্দগ্রাম থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাই কানুর বিরুদ্ধে ১টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ভাইরাল হওয়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রোববার দুপুরে বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া কানুকে জুতার মালা পরায় প্রবাসী আবুল হাশেমসহ এলাকার কতিপয় যুবক। স্থানীয়রা জানান, আব্দুল হাই কানুর কারণে তারা গত ১৫ বছর এলাকায় থাকতে পারেনি।
২০১৬ সালে যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক রানা হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত কৃষকলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া কানু ও তার ছেলে গোলাম মোস্তফা ভুঁইয়া বিপ্লবকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আব্দুল হাই কানুর কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও এলাকা ছাড়া।
স্থানীয়রা জানান, আব্দুল হাই ভুঁইয়া কানুর সাথে আওয়ামী লীগ ব্যতীত আর কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বন্দ্ব নেই। ভাইরাল ভিডিওটি রাজনৈতিক নয়, এলাকার ভুক্তভোগী কতিপয় যুবক এই ঘটনা ঘটিয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান জানান, আব্দুল হাই কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলার বিষয়ে পুরনো অপারেটরের মাধ্যমে জানা গেছে। তবে তার কাছে একটি হত্যা মামলা এবং একটি ভাংচুরের মামলার তথ্য রয়েছে। ভাইরাল ভিডিওতে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, সকলের সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। কোন ব্যক্তি যদি কোন অপরাধ করে, আইন অনুযায়ী বিচার হবে। অপরাধীকে জুতার মালা পরিয়ে সম্মানহানীর কোন সুযোগ আইনে নেই।














