বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় “আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫” পালিত হলো

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২:১৫ পিএম
কুমিল্লায় “আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫” পালিত হলো
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আন্তর্জাতিক কাস্টমস দিবস সম্পর্কে জনগণকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো “আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫”। এ বছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য হলো: “Customs Delivering on its Commitment to Efficiency, Security and Prosperity” অর্থাৎ “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি”।

এ উপলক্ষে রোববার, (২৬ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় হোটেল এলিট প্যালেস, ঝাউতলা কুমিল্লায় এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার (চলতি দায়িত্ব) মোঃ মাহমুদুল হক ভূঁইয়া। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ভ্যাট কমিশনারেট, কুমিল্লার অতিরিক্ত কমিশনার মির্জা সহিদুজ্জামান এবং যুগ্ম কমিশনার মোঃ পায়েল পাশা, যুগ্ম কমিশনার স্লিপ্তা বিশ্বাস ও যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম সহ কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি, আমদানিনিকারকগণ, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।

সেমিনারে বক্তাগণ বলেন এ বছরের শ্লোগান অত্যন্ত প্রাসঙ্গিক, অর্থবহ ও উদ্দীপনামূলক। এ স্লোগান দিয়েই বর্তমান সময়ে কাস্টমসের ভূমিকা ও ক্রমবিকাশ অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে, রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বানিজ্য সম্প্রসারণে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতায় বাণিজ্য সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি প্রশমনে কাস্টমসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। কাস্টমস এক্সাইজ প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি ও দেশের সার্বিক উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, এটাই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার। যারা অনুষ্ঠান আয়োজনে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়।

কাস্টমসের ইতিহাস ও ভূমিকা :

কাস্টমসের যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে। কাস্টমস বিভাগের প্রধান কাজ হচ্ছে আমদানি ও রপ্তানি পণ্য শুল্ক সংগ্রহ, দেশের অভ্যন্তরীণ শুল্কনীতি প্রণয়ন এবং শুল্ক ব্যবস্থা পরিচালনা। কাস্টমসের কার্যক্রমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন:

১. রাজস্ব আহরণ : কাস্টমসের মাধ্যমে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্ক সংগ্রহ করে জাতীয় রাজস্ব খাতে উল্লেখযোগ্য অবদান রাখা হয়।
২. বাণিজ্য সহজীকরণ : কাস্টমসের কার্যক্রম বাণিজ্য সহজীকরণে সাহায্য করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩. শিল্প সংরক্ষণ : দেশজ শিল্পের সংরক্ষণ ও উন্নয়নে কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪. নিরাপত্তা রক্ষা : কাস্টমসের মাধ্যমে রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা করা হয়।
৫. অর্থনৈতিক উন্নয়ন : কাস্টমসের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রবৃদ্ধি ঘটিয়ে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়।

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৬ এএম
হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

Oplus_131072

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার পদায়ন নিশ্চিত করা হয়।

 

তবে বুধবার (৬ মে) নিহত যুবদল নেতা মিজানুর রহমানের পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে মাহবুব আলমের পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মাহবুব আলম দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা এবং নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কর্মকাণ্ড সামনে আসে। ওই বছরের সেপ্টেম্বরে শিবগঞ্জ থানায় যুবদল নেতা মিজান হত্যার ঘটনায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল হক। মামলার এজাহারে মাহবুব আলমকে ১০ নম্বর আসামি করা হয়।

 

এজাহারে বলা হয়, ২০১৬ সালে ছাত্রদল নেতা সেতাউর রহমানকে আটক করতে গিয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নেয়। পরে তাকে নিখোঁজ দেখানো হয়। পরিবারের অভিযোগ, মুক্তির জন্য পুলিশ বিপুল অঙ্কের টাকা দাবি করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৭ সালের এপ্রিল মাসে কথিত বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। আরেক ভাই রেজাউল করিমের সন্ধান আজও মেলেনি।

 

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে নিখোঁজ রেজাউলের সন্ধান দাবি করে। একইসঙ্গে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি তদন্ত শুরু করেন।

 

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ জানান, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এবং যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ৭ টুকরো করে হত্যা করার হুমকি প্রদান করে ডাকযোগে কাপনের কাপড়ের পার্সেল পাঠিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। আবদুর রহমান উপজেলার পৌরসভাধিন ৭নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

সাধারণ ডায়েরিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন সাধারণ কৃষক। তার ২ ছেলে প্রবাসে থাকে। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর নিজ গ্রামে বসবাস করেন। গত ৫ মে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সদরের ডাকঘরের পিয়ন তার নামে আসা একটি খাকি খাম এবং একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়। এতে প্রেরকের নাম উল্লেখ করা হয় জুলাস ব্যাপারী, গ্রাম : রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা। খামের ভিতরে থাকা একটি সাদা কাগজে “তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাইছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরা হবি এবং স্টার চিহেৃ আরবী কিছু লেখা রয়েছে’’ জিডিতে তিনি আরও উল্লেখ করেন, পার্সেলের প্যাকেটের ভিতরে কাপনের সাদা কাপড় রক্ষিত ছিলো। আমি খামে প্রদত্ত প্রেরকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করিলে কোন ব্যক্তি ফোন রিসিভ করে নাই। অজ্ঞাতনামা কে বা কাহারা কোন কারণে আমার নামে ডাকের মাধ্যমে হুমকিস্বরূপ হাতের লেখা চিঠি ও কাপনের কাপড় পাঠিয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

এই বিষয়ে ভুক্তভোগি কৃষক আবদুর রহমান বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি একজন কৃষক। তবে আজ থেকে দেড় বছর আগে সৌদি প্রবাসী ভাগিনার স্ত্রী সালমা বেগম অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। সালমার বাবার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে। এ ঘটনায় আমার বোন ফাতেমা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আমি উক্ত মামলার স্বাক্ষী হিসেবে রয়েছি। যেহেতু হত্যার হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ করা হয়েছে, ধারণা করতেছি তারাই আমাকে হত্যার হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছে। আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুর রহমান নামে এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাপনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar