সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

লটারির নামে জুয়ার ফাঁদে কুমিল্লা: অর্থনৈতিক সংকটে পড়ার আশঙ্কা!

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০:৩০ পিএম
লটারির নামে জুয়ার ফাঁদে কুমিল্লা: অর্থনৈতিক সংকটে পড়ার আশঙ্কা!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

রুহুল আমিন চৌধুরী সুমন।। 

কুমিল্লাবাসী আজ যেন এক গভীর প্রতারণার জালে বন্দি। ‘বাণিজ্য মেলা’র নামে শহরের কেন্দ্রে জমে উঠেছে জুয়ার রমরমা ব্যবসা। লটারির নামে এই জুয়ার মূল হোতা হিসেবে উঠে এসেছে আলোচিত ও বিতর্কিত মোঃ বিল্লাল হোসেনের নাম, যিনি আওয়ামী লীগের পরিচিত মুখ হিসেবে পরিচিত এবং ক্ষমতার ছত্রছায়ায় একের পর এক মেলার আড়ালে গড়ে তুলেছেন কোটি টাকার জুয়া সাম্রাজ্য।

গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া ডিওএইচ চত্বরে শুরু হয় ‘কুমিল্লা বাণিজ্য মেলা’। নির্ধারিত সময় অনুযায়ী মেলা শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন, কিন্তু “লটারির টান” এ মুগ্ধ হয়ে আয়োজকরা মেয়াদ বাড়িয়ে আরও ১৫ দিন চালিয়ে যান। প্রতিদিন সন্ধ্যার পর শহরে নেমে আসে যানজটের বিভীষিকা। টমটম ব্রিজ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, কুমিল্লা মেডিকেল রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ছে।

মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছে ২০ টাকার লটারি টিকিট, যার মাধ্যমে সোনা, মোটরসাইকেলসহ বিভিন্ন পুরস্কারের প্রলোভন দেখানো হচ্ছে। এই লটারির প্রচারে বিল্লাল হোসেন ব্যবহার করছেন কিছু ব্লগার, যারা শহরের বিভিন্ন জায়গায় ব্লগ করে প্রচারণা চালাচ্ছেন।

প্রতিদিন মেলার গেটে হাজারো মানুষ ভিড় করছেন টিকিট কেনার আশায়। কেউ স্বর্ণ বিক্রি করে, কেউ ঋণ নিয়ে, আবার কেউ কিস্তি তুলে টিকিট কিনে ঘরে ফিরছেন নিঃস্ব হয়ে। বরুড়া ও আশপাশের উপজেলার একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা প্রতিদিন লক্ষাধিক টাকার টিকিট কিনে তাতে সিল মেরে দ্রুত ড্রতে অংশগ্রহণ করছেন।

টিকিট বিক্রির এই জুয়া যেন এখন এক নেশায় পরিণত হয়েছে শহরবাসীর জন্য। প্রতিদিন মেলায় বিক্রি হচ্ছে প্রায় ৫০-৬০ লাখ টাকার টিকিট, অথচ পুরস্কার বাবদ দেওয়া হচ্ছে মাত্র ১০-১৫ লাখ টাকার পণ্য। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছেন আয়োজকরা, যা রীতিমতো কালো টাকার পাহাড় গড়ার পথ তৈরি করেছে।

এক প্রবাসীর স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, “এক ভরি স্বর্ণ বিক্রি করে ছয় ভরি পাওয়ার আশায় লটারি কিনেছিলাম। এখন একটাও নেই, সংসার চালানোই কঠিন হয়ে গেছে।”
অন্যদিকে, এক গার্মেন্টস শ্রমিক এক লাখ টাকার কিস্তি তুলে টিকিট কিনে সর্বস্বান্ত হয়ে স্ট্রোক করে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মেলার ভেতরে ও বাইরে প্রতিদিন ঘটছে চুরি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা। নারীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। এসব ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবারসহ আগত দর্শনার্থীরা। সাধারণ মানুষ বলছেন, “এটা আর মেলা নয়, একটা শহর ধ্বংসের ফাঁদ।”

বিল্লাল হোসেনের কাছে প্রতিবেদক জানতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পারলে যান, নিউজ করেন।” এতে বোঝা যায়, তার পেছনে রয়েছে অদৃশ্য শক্তি।
প্রশ্ন উঠেছে—এত বড় জুয়ার আয়োজন চললেও প্রশাসন এতদিন কী করছিল? কার ছত্রছায়ায় এই কর্মকাণ্ড চলছে?

এই জুয়ার বিরুদ্ধে কুমিল্লার তরুণরা মুখ খুলতে শুরু করেছে। ইতোমধ্যে ‘জাঙ্গালিয়া যুব সংঘ’ এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম মেলার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

অর্থনীতিবিদরা সতর্ক করে জানিয়েছেন, এভাবে চলতে থাকলে কুমিল্লা জেলা কয়েক মাসের মধ্যেই চরম অর্থনৈতিক সংকটে পড়বে। কর্মজীবী, শিক্ষার্থী, রোগীর স্বজন—সবার জীবন আজ বিপন্ন।

কুমিল্লাবাসীর একটাই দাবি—এই লটারির নামে জুয়া অবিলম্বে বন্ধ করতে হবে। আয়োজক মোঃ বিল্লাল হোসেনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কারণ, এটি শুধু একটি মেলার নয়—একটি শহরের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য ধ্বংসের ভয়ংকর উপাখ্যান।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar